ছবি:সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বড়লেখা সফরকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। তার বক্তব্যে বিএনপি ও দলটির নেতাকর্মীদের নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং একপর্যায়ে তার গাড়িবহরের গতিরোধের চেষ্টা করেন।
রোববার (২৮ জুন) বিকেলে বড়লেখা শহরের দক্ষিণবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
্জএর আগে সভায় তীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, ‘গত ১৭ বছরে অনেক মা সন্তান হারিয়েছেন, অনেক বাবা বুক খালি করেছেন। ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ও বাংলাদেশে সংস্কার বাস্তবায়নের লক্ষ্যেই আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি।’
রোববার (২৮ জুন) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে ১১ দলীয় ঐক্যজোটের বড়লেখা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘গণতন্ত্রের কাছে গিয়ে আমরা জনগণের ওপর ভরসা করেছি। জনগণ নির্বাচনে এসে পরিবর্তন ও সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু নির্বাচনের পর আমরা দেখছি, ৭৫ শতাংশ মানুষের রায়ের বিপরীতে গিয়ে সংস্কার প্রক্রিয়া থেকে সরে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এ কারণে আমরা ১১ দল রাজপথে কর্মসূচি দিয়েছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হলে আমরা এই সরকারের পতনের দিকে যাব। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। যারা জীবন দিয়েছেন, তারা আমাদের একটি দায়িত্ব দিয়ে গেছেন-বাংলাদেশের মানুষের জন্য সংস্কার বাস্তবায়ন করতে হবে।’
এনসিপির এই নেতা আরও বলেন, ‘আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। বাংলাদেশে বিচার বিভাগ আছে, আমরা বিচারের মাধ্যমে সবকিছুর সমাধান চাই। যারা অন্যায় করেছে তাদের বিচার দেশের আইনে হতে হবে।’
ভারত প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমরা স্বাধীন পররাষ্ট্রনীতির পথে হাঁটতে চাই। কোনো দেশের কাছে মাথা নত করে নয়, জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে।’
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘বড়লেখাবাসী সীমান্ত এলাকার মানুষ। সীমান্তে যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় জনগণ ও বিজিবি একসঙ্গে কাজ করছে। আপনাদের সাহস ও ভূমিকার জন্য সম্মান জানাই।’
বড়লেখার উন্নয়ন প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, ‘এই এলাকার আগর ও উডশিল্পকে কাজে লাগিয়ে বড়লেখাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা সম্ভব। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় শিল্পের বিকাশে কাজ করা হবে।’
তিনি অভিযোগ করেন, ‘দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ হলে দেশের উন্নয়ন আরও দ্রুত সম্ভব হবে।’
সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রীতম দাশ, বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির এমাদুল ইসলাম, পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যাপক মোহাইমিন সালেহ, খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক এমএম আতিকুর রহমানসহ অনেকে।
এর আগে নাসির উদ্দিন পাটোয়ারীর আগমনকে ঘিরে বড়লেখা শহরে উত্তেজনা দেখা দেয়। বিকেলে তিনি বড়লেখা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করতে গেলে শহরে প্রবেশের সময় কয়েকজন বিক্ষোভকারী স্লোগান দেন। পরে দক্ষিণবাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার গাড়িবহরের গতিরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




