সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে পাহাড় কেটে মাটি সরানোর সময় হাতেনাতে তিনজনকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ। এ সময় মাটিবোঝাই একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন ধারাবহর একমাইল টেকনিক্যালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় পাহাড় কেটে মাটি নিয়ে পার্শ্ববর্তী শরিফ নামের একজনের একটি প্রজেক্টে মাটি ভরাটের কাজ করা হচ্ছিল। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় তিনজনকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে মাটিবোঝাই একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— রনকেলী নুরপাড়ার আতন আলীর ছেলে শফি আহমদ (৩০), উত্তর কানিশাইলের মতচ্ছির আলীর ছেলে তারেক আহমদ (৩০) এবং দত্তরাইলের ফজলু মিয়ার ছেলে পাপলু আহমেদ (৩৫)। তারা সবাই গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পালিয়ে যান। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় কাটার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাটিবোঝাই ট্রাকসহ পাহাড় কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এবং পলাতকদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাহাড় ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।
জৈন্তাবার্তা/আরআর




