সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়ন, চারিঘাটা ইউনিয়ন ও নিজপাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদের অংশগ্রহণে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অত্রাঞ্চলের মসজিদ, মাদরাসা ও মক্তবসমূহের সুষ্ঠু পরিচালনা এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ‘ওলামা পরিষদ দরবস্ত’ নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় দরবস্ত আল-মনসুর মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
হযরত মাওলানা মুবাশ্বির আলী শায়খে রামপ্রসাদী, হযরত মাওলানা আবু হানিফ শায়খে রণী ও হযরত মাওলানা মুঈনুদ্দিন ডাইয়ার হুজুরের যৌথ আহ্বান ও নেতৃত্বে অনুষ্ঠিত সভায় অত্রাঞ্চলের বিভিন্ন মসজিদ ও মাদরাসার ওলামায়ে কেরাম ও আইম্মায়ে মাসাজিদ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সবার সর্বসম্মত সিদ্ধান্তে ‘ওলামা পরিষদ দরবস্ত’ প্রতিষ্ঠা করা হয়। নবগঠিত সংগঠনের মাধ্যমে এলাকার মসজিদ, মাদরাসা ও মক্তবসমূহ আরও সুন্দর, সুশৃঙ্খল ও সমন্বিতভাবে পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।এছাড়া ‘ওলামা পরিষদ দরবস্ত’-এর সার্বিক কাঠামো, কার্যক্রম ও রূপরেখা প্রণয়নের জন্য পাঁচজন বিশিষ্ট ওলামায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন—মাওলানা মুবাশ্বির আলী শায়খে রামপ্রসাদী, মাওলানা আবু হানিফ শায়খে রণী, মাওলানা মুঈনুদ্দিন ডাইয়ার হুজুর, মাওলানা ওলিউর রহমান ও হাফিয তাজুল ইসলাম।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত ‘ওলামা পরিষদ দরবস্ত’ অত্র অঞ্চলের দ্বীনি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, সুরক্ষা, শৃঙ্খলা ও পারস্পরিক সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সভা শেষে উপস্থিত ওলামায়ে কেরাম ও অতিথিদের সম্মানে দরবস্ত আল-মনসুর মাদরাসার পক্ষ থেকে সৌহার্দ্যপূর্ণ আতিথেয়তার আয়োজন করা হয়। পরে তাঁদের দুপুরের খাবারে আপ্যায়ন করা হয়।
জৈন্তাবার্তা/ সুলতানা




