পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:০৪ PM

সিলেটে ট্রিপল মার্ডার

পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ০৬:০৭:১১ PM

পুলিশের তদন্তে সন্তুষ্ট না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন স্বজনরা

সংগৃহিত


সিলেটের রায়নগরে আলোচিত ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটন, জড়িতদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন নিহত আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগম দম্পতির সন্তানরা। পুলিশের চলমান তদন্তে সন্তুষ্ট না হলে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করে উচ্চতর তদন্তের দাবি জানাবেন বলেও জানিয়েছেন তারা।

সোমবার (১৭ আগস্ট) সকালে রায়নগরের মিতালী আবাসিক এলাকার নিহত দম্পতির বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তাদের প্রবাসী সন্তানরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার।

লিখিত বক্তব্যে আরিফ ইফতেখার বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে জড়িতদের আইনের সর্বোচ্চ পর্যায়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন। আবার কেউ প্রভাবশালী হওয়ার কারণে যেন অপরাধ করেও পার পেয়ে না যান। পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে আমরা মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করে উচ্চতর তদন্তের আহ্বান জানাব।’

সংবাদ সম্মেলনে নিহত আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনার ছবি এবং তাদের পরিচয়সংক্রান্ত কোনো ছবি বা তথ্য অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক কিংবা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্য গণমাধ্যম ও সবার প্রতি অনুরোধ জানান পরিবারের সদস্যরা।

এ ছাড়া নিহত তিনজনের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন তারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন করার আহ্বান জানান।

পরিবারের সদস্যরা জানান, নিজেদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে সংবাদ সম্মেলনে তারা কোনো প্রশ্নের উত্তর দেবেন না। সংবাদ সম্মেলনে নিহত আব্দুস সাত্তারের তিন মেয়ে তাহমিনা, সেলিনা ও তারানা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, সত্য কখনো চাপা পড়ে থাকবে না। একসময় প্রকৃত সত্য প্রকাশিত হবেই।


জৈন্তাবার্তা/সুলতানা