ছবি:সংগৃহীত
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পরে তাঁদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান শুরু হয়। পরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পাঠ করান। শপথ শেষে তিনি শপথনামায় স্বাক্ষর করেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তা সত্যায়ন করেন।
রাষ্ট্রপতির শপথ নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী ও আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির (টেকনোক্র্যাট) ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথের পর তাঁর ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
এ ছাড়া এ মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়া বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
অন্যদিকে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও স্বপদে বহাল থাকছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন খলিলুর রহমান।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদের ৩৪৯ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
বিপুল ব্যবধানে নির্বাচিত হওয়ার পরদিনই দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল।
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর শিক্ষকতা পেশায় যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন।
নব্বইয়ের দশকের শুরুতে বিএনপিতে যোগ দেওয়ার পর ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসেন মির্জা ফখরুল। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে পাঁচ বছর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। বিএনপির সবচেয়ে দীর্ঘকালীন মহাসচিব হিসেবে তাঁর নেতৃত্বে দলটি দীর্ঘ সময় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের কৃষি প্রতিমন্ত্রী এবং পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে দেশের রাজনীতিতে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিতি লাভ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




