ছবি:সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় মামলার একমাত্র পলাতক আসামি রুবেল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
রোববার (২৩ আগস্ট) র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের সদস্যরা কাজ করে যাচ্ছেন।
ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন শ্রীপুর এলাকার বাসিন্দা। প্রায় ১০ বছর আগে তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ায় তিনি দুই সন্তানকে নিয়ে বসবাস করে আসছেন। প্রায় দেড় বছর আগে আসামি রুবেল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, রুবেল ইসলাম ভুক্তভোগীকে বিয়ের আশ্বাস দিয়ে ২০২৫ সালের ১৩ জানুয়ারি থেকে বিভিন্ন সময় ও তারিখে তার বাসায় রাতযাপন করেন এবং একাধিকবার ধর্ষণ করেন। সর্বশেষ গত ২০ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে তিনি ভুক্তভোগীর বাসায় গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন।
পরবর্তীতে ভুক্তভোগী বিয়ের কথা বললে রুবেল ইসলাম নানা টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তিনি ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা করেন।
মামলার পর আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট সদর কোম্পানির একটি অভিযানিক দল শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিশ্বনাথ থানার মামলা নং-১৪, তারিখ ১৮ আগস্ট ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি রুবেল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল ইসলাম (২৪) বিশ্বনাথ উপজেলার আনিপুর গ্রামের দবির মিয়ার ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সিলেট জেলার বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




