ছবি:সংগৃহীত
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ চিরুনি অভিযান চালিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ অভিযানে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শাহপরাণ (রহ.) থানা এলাকা থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ছিনতাই, কিশোর গ্যাং ও মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আনতে মহানগরীর একাধিক থানা এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে এয়ারপোর্ট থানায় ১৯ জন, জালালাবাদ থানায় ১২ জন, দক্ষিণ সুরমা থানায় ১০ জন, কোতোয়ালি থানায় ৮ জন, শাহপরাণ (রহ.) থানায় ৮ জন এবং মোগলাবাজার থানায় ৩ জন রয়েছেন।
অভিযান চলাকালে শাহপরাণ (রহ.) থানা এলাকায় ৩৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




