জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত ৫০ শয্যার কার্যক্রম চালুর উদ্যোগ
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ AM

পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত ৫০ শয্যার কার্যক্রম চালুর উদ্যোগ

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ১২:০২:১৪ AM

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দ্রুত ৫০ শয্যার কার্যক্রম চালুর উদ্যোগ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় উপপরিচালক ডা. মোহাম্মদ নুরে আলম শামীম এবং সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমী।

এ সময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফাইজুর রহমান ফয়েজ, আরএমও ডা. আব্দুল বাতেন, জামালগঞ্জ সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম, নার্স সুপারভাইজার নির্লিপ্তা হালদার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোশাররফ হোসেন, শরীফুল ইসলামসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে বিভাগীয় পরিচালক হাসপাতালের জরুরি বিভাগ, ওষুধের স্টোররুম এবং রোগীদের খাবারের মান পরিদর্শন করেন। তিনি হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা মুরগির মাংসের ওজন ও মান পরীক্ষা করেন।

হাসপাতাল ভবনের তৃতীয় তলায় পড়ে থাকা পরিত্যক্ত আসবাবপত্র নিলামের মাধ্যমে বিক্রির জন্য সুনামগঞ্জের সিভিল সার্জনকে প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৩১ শয্যাবিশিষ্ট জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেড ও মেঝেতে মোট ৭৯ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে ৩৩ জন হাম আক্রান্ত বলে জানানো হয়। রোগীর এমন চাপ দেখে বিভাগীয় পরিচালক বিস্ময় প্রকাশ করেন।

এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকার বিষয়টি তাঁর নজরে আনা হয়। পাশাপাশি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলেও এখনো এর কার্যক্রম চালু না হওয়ার বিষয়েও আলোচনা হয়।

এ বিষয়ে বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, স্বাস্থ্য বিভাগ শিগগিরই ১৮০ জন চিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের মতো দুর্গম এলাকায় দেশের অন্যান্য অঞ্চলের চিকিৎসকদের অনেকেই কাজ করতে আগ্রহী হন না। তাই এ অঞ্চল থেকেই চিকিৎসক তৈরির বিষয়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম ও তাঁর সফরসঙ্গীরা স্পিডবোটযোগে ধর্মপাশা উপজেলার উদ্দেশে জামালগঞ্জ ত্যাগ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ