ছবি:সংগৃহীত
সিলেটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে নগরীর ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি বের হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা রক্ষায় যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবেন।
আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করে। আয়োজকদের দাবি, মিছিলের ব্যাপ্তি চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, সিলেট-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মালিক এবং বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
এ ছাড়া সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতি এবং কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




