সংগৃহীত
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জুড়ীতে প্রশাসনিক প্রক্রিয়া ছাড়াই বিদ্যালয়ের লক্ষাধিক টাকার গাছ কর্তন ও বিক্রিমৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব-জুড়ী ইউনিয়নের টালিয়াউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যালয়ের অর্ধলক্ষাধিক টাকার গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ওঠেছে। ঘটনাটি গোপন রাখতে তিনি কাটা গাছের গুঁড়িগুলো কাদামাটি দিয়ে ঢেকে রাখেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পাকা ও টিনসট একাডেমিক ভবনের পিছনের একটি আকাশমননি গাছ হেলে পড়া ছিল। ঝুঁকিপূর্ণ কিংবা যে কোনো কারণে কোনো প্রতিষ্ঠানের গাছ কাটার প্রয়োজন দেখা দিলে বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ ও পরিবেশ আইন অনুযায়ি যথাযথ প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের পর গাছ কাটার নিয়ম থাকলেও প্রধান শিক্ষক তা মানেননি। বেআইনীভাবে বিদ্যালয়ের ৮টি আকাশমনি গাছ কেটে ফেলেন। টিনসেটের ওপর হেলে পড়া গাছ ব্যতিত অপর ৭টি গাছ গোপনে বিক্রি করে দেন। যার আনুমানিক মূল্য অর্ধ-লক্ষাধিক টাকা। গোপনে বিক্রি করা গাছের আলামত গায়েব করতে সুচতুর প্রধান শিক্ষক বিক্রিত গাছগুলোর গুঁড়ি মাটি দিয়ে ঢেকে দেন। সরেজমিনে গিয়ে স্কুল ভবনের ওপর হেলে পড়া গাছটি কেটে টুকরো করে গুঁড়ির পাশে রাখা থাকতে দেখা গেছে। কাদামাটি দিয়ে ঢেকে রাখা আরো ৭টি গাছের গুঁড়ি পাওয়া গেলেও কর্তনকৃত গাছ মিলেনি। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ১৫ দিন আগে স্কুলের ৭/৮টি আকাশমনি গাছ কর্তন করেন প্রধান শিক্ষক তাজ উদ্দিন। পরে কাটা গাছগুলো কী করেছেন তা জানেন না। তবে এখন একটি ছাড়া বাকি গাছগুলো আর স্কুলে দেখছেন না। এলাকায় কানাঘোষা চলছে, টিনের ওপর হেলে পড়া গাছ ব্যতিত অপর ৭টি গাছ প্রধান শিক্ষক গোপনে বিক্রি করে দিয়েছেন।
এব্যাপারে প্রধান শিক্ষক তাজ উদ্দিন জানান, এই গাছগুলো মরা এবং ঝুঁকিপূর্ণ ছিল। স্কুল ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা শিক্ষা অফিসারের অনুমতি নিয়েই গাছগুলো কেটেছেন। একটি গাছ ব্যতিত বিদ্যালয় প্রাঙ্গণে অন্য ৭টি গাছের হদিস নেই কেন এমন প্রশ্নের জবাবে বলেন, কাটা গাছগুলো স্কুলের ভেতরে রেখেছেন। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অরবিন্দ কর্মকার জানান, প্রধান শিক্ষক স্কুলের টিনের ও বিদ্যুৎলাইনের ওপর থাকা কয়েকটি গাছ ঝুঁকিপূর্ণ বলে সেগুলো কাটার কথা বলেছিলেন। কিন্তু অফিসিয়েলি কোনো প্রক্রিয়া নেননি। গাছ কাটার মৌখিক অনুমতি দেওয়ার সুযোগ নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।
জৈন্তাবার্তা/সুলতানা




