৫ বছর ধরে বিচার না পেয়ে মাজারে মাজারে ঘুরছেন বৃদ্ধা আলতামুন্নেছা
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

৫ বছর ধরে বিচার না পেয়ে মাজারে মাজারে ঘুরছেন বৃদ্ধা আলতামুন্নেছা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/১১/২০২৬ ০৪:১৬:০৬ অপরাহ্ন

৫ বছর ধরে বিচার না পেয়ে মাজারে মাজারে ঘুরছেন বৃদ্ধা আলতামুন্নেছা

সংগৃহীত


স্বামীর রেখে যাওয়া তিন শতক জমিই তাঁর শেষ সম্বল। সেই জমিতে জীবনের শেষ দিনগুলো কাটাতে চান হতদরিদ্র বিধবা বৃদ্ধা আলতামুন্নেছা বেগম(৭০)। কিন্তু জমিটি কিনে নেওয়ার জন্য তাঁর ভাতিজা খোরশেদ মিয়া ও দেবর বাচ্চু মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে পাঁচ বছর ধরে নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, ইট-পাটকেলের আঘাতে আহত হয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। প্রশাসনের কাছে যতবার বিচার চেয়েছেন, ততবারই নির্যাতনের মাত্রা বেড়েছে বলে অভিযোগ তাঁর। দীর্ঘদিন বিভিন্ন জায়গায় বিচার চেয়েও প্রতিকার না পেয়ে এখন মাজারে মাজারে ঘুরে আল্লাহর কাছে বিচার, শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করছেন এই বৃদ্ধা।

বৃদ্ধার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের হরিণখোলা গ্রামের খাইরুল মিয়াদের বাড়ির পাশে। তিনি নিঃসন্তান নন, তাঁর একটি মেয়ে রয়েছে। তবে কোনো ছেলে সন্তান নেই। মেয়েটি স্বামীর বাড়িতে থাকেন। মানুষের বাড়িতে কাজ, রাস্তাঘাটে দিনমজুরির কাজ এবং মানুষের সহযোগিতা নিয়ে কোনোরকমে জীবিকা নির্বাহ করেন আলতামুন্নেছা।

স্বামীর শেষ স্মৃতিচিহ্ন হিসেবে জমিটুকু বিক্রি করতে চান না তিনি। ওই জমিতেই জীবনের শেষ দিন কাটাতে চান। কিন্তু জমি নিয়ে বিরোধের জেরে তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ। তাঁর দাবি, দিনরাত ঘরের চালে ঢিল ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থলে এলে নারকেল গাছ থেকে শব্দ হচ্ছে বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ ছাড়া খামারের ময়লা-আবর্জনা ও বাথরুমের দুর্গন্ধ ছড়িয়ে তাঁকে অতিষ্ঠ করা হচ্ছে।

এ ঘটনায় বৃদ্ধা ইউএনও, ওসি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সাবেক ইউএনও জাহিদ বিন কাসেম একবার সরেজমিনে তাঁর বাড়ি পরিদর্শনও করেছেন। তাঁকে নির্যাতনের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। ইউএনও স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি সমাধানের দায়িত্ব দিলেও ২৪ নভেম্বর পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাননি বলে অভিযোগ তাঁর। কিছুদিন আগে কাশিমনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এখনো কার্যকর কোনো আইনি প্রতিকার পাননি বলে জানান বৃদ্ধা।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: