খুলনায় পৃথক চার স্থানে গু লি বর্ষণ, গু লি বিদ্ধ ১; নগরজুড়ে আতঙ্ক
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

খুলনায় পৃথক চার স্থানে গু লি বর্ষণ, গু লি বিদ্ধ ১; নগরজুড়ে আতঙ্ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১১/২০২৬ ০৬:২৬:৫৩ অপরাহ্ন

খুলনায় পৃথক চার স্থানে গু লি বর্ষণ, গু লি বিদ্ধ ১; নগরজুড়ে আতঙ্ক

সংগৃহীত


খুলনা মহানগরীর পৃথক চারটি স্থানে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) ভোর থেকে রাত পর্যন্ত নগরীর টুটপাড়া, লবণচরা ও খানজাহান আলী থানা এলাকায় এসব ঘটনা ঘটে। এতে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এবং তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। পরপর গুলির ঘটনায় নগরীর ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের ৪৭ নম্বর বাড়িতে অবস্থিত চয়ণিকা ফার্মেসিতে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ (৩২) বাঁ পায়ের হাঁটুর ওপরের অংশে গুলিবিদ্ধ হন। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্মচারীরা দ্রুত দোকান বন্ধ করে দেন। পরে আহত জারিফকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৯-১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী গ্রুপের চাঁদা দাবির কারণে গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টানা ১৭ দিন চয়ণিকা ফার্মেসি বন্ধ ছিল। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও খুলনা থানা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আবার চালু করা হয়। পুলিশের সহায়তায় খোলার কয়েক দিন পরই সেখানে আবার গুলির ঘটনা ঘটল। আগের চাঁদা দাবির ঘটনার সঙ্গে এ গুলিবর্ষণের যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে গতকাল শুক্রবার ভোরে নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানায় পৃথকভাবে গুলি ছোড়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ বাজার এলাকার তুষকাঠের মিলের মালিকের কাছে কয়েক দিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করছিল একটি সন্ত্রাসী চক্র। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভোর সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। ভোরে কর্মচারীরা ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হননি। একই এলাকায় চানাচুর কারখানার মালিক শামসুর রহমানের কাছেও চাঁদা দাবি করে আসছিল ওই চক্র। চাঁদা না পেয়ে ভোরে ওই বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

অন্যদিকে, গতকাল রাত আনুমানিক আটটার দিকে নগরীর উপকণ্ঠে খানজাহান আলী থানা এলাকার যোগীপোল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে জিয়াউর রহমান ফকিরের বসতবাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। জিয়াউর রহমান ওই এলাকার তোতা ফকিরের ছেলে। স্থানীয়রা জানান, দুটি মোটরসাইকেলে হেলমেট পরা কয়েকজন দুর্বৃত্ত এসে বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি এবং ফটক ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

একের পর এক গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে খুলনার নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, মহানগরীতে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, দখল ও মাদকের বিস্তার নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কারা ও কাদের নির্দেশে এসব গুলি চালাচ্ছে, তা দ্রুত শনাক্ত করে নিয়ন্ত্রণ করতে হবে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। খানজাহান আলী থানা পুলিশও যোগীপোল ইউনিয়নের ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা ও কী কারণে বাড়িতে গুলি চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

সংশ্লিষ্টরা জানান, চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে গুলিবর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধীদের পাশাপাশি নেপথ্যের মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: