পোস্টার অপসারণে নামলেন নব-নির্বাচিত সংসদ সদস্য নাদেল। ছবি : জৈন্তা বার্তা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানারসহ নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট সামগ্রী অপসারণ করতে কর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচন শেষ হতেই নিজের পোস্টার অপসারণে নামলেন মৌলভীবাজার-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার পৌর এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে তিনি পোস্টার অপসারণের উদ্বোধন করেন।
কুলাউড়া পৌর শহর ঘুরে দেখা গেছে, প্রার্থীদের পলিথিন মোড়ানো পোস্টারে পুরো শহর সয়লাব হয়ে গেছে। এসব পোস্টার ছিটকে পড়লেও পচে নষ্ট হবে না। আবর্জনার স্তূপ জমে উঠবে। এতে করে পরিবেশ দুষিত হবে। তাই বিজয়ী প্রার্থী নির্বাচনের পরদিন নিজের পোস্টার অপসারণে নেমেছেন।
অপসারণকালে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, কুলাউড়া সংসদীয় আসনের বিভিন্ন রাস্তাঘাটের পাশে যেখানে পলিথিন মোড়ানো পোস্টার বাধা রয়েছে সেগুলো অপসারণ করতে হবে। কেননা, পলিথিন মোড়ানো পোস্টার পরিবেশ নষ্ট করে। এগুলো সাধারণত পচে না। তাই আমাদের নিজ দায়িত্বে এগুলো অপসারণ করে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এছাড়াও এলাকার সৌন্দর্য রক্ষার্থে নতুন করে কোনো ধরনের পোস্টার-ব্যানার-ফেস্টুন না লাগানোর জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪টি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।এতে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২৭১৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী এম এম শাহীন (সোনালী আশ) ১১৪৪৯, এ কে এম শফি আহমদ সলমান (ট্রাক) ১৫৫৫২ ভোট, মো. আব্দুল মতিন (কাচি) ৬৬৮, আব্দুল মালিক (লাঙ্গল) ৫৬৫, আসলাম হোসাইন রাহমানী ৩৬৬, এনামুল হক মাহতাব ৩০৫ ও বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু ১৬১ ভোট পেয়েছেন।
জৈন্তাবার্তা/জেএ




