ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে শিক্ষার্থীদের পাল্টা প্রতিরোধের মুখে দৌঁড়ে পালিয়ে গেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে শহরের এসপি বাংলোর সামনে এই ঘটনা ঘটে। এতে এক শিক্ষার্থী আহত হয়।
আরাফাত হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শহরে আসি। ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে আমাদের বাঁধা ও মারধর করেন।
পরে প্রতিবাদ মিছিল নিয়ে এসপি বাংলোর সামনে পৌঁছালে তারা অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে লাঠিপেটা করে। আমাদের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
তিনি বলেন, আমাদের মিছিলটি কিছুটা ছন্দপতন হয়ে যায়। চলতে থাকে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ। এক পর্যায়ে বাধ্য হয়েই ছাত্রলীগকে প্রতিহত করতে হয়েছে। তবে পুলিশ নীরব ভূমিকায় ছিল। আমাদের একজন আহত হয়েছে।
সরেজমিনের দেখা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ তৎপর ছিল। ছাত্রলীগের হামলা চালানোর সময়ও তাদের বাঁধা দিতে দেখা যায়। তবে ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি না শুনেই অতর্কিত হামলার ঘটনায় জড়িয়ে পড়েন।
বর্তমানে সাতক্ষীরা শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আগামীকাল বেলা ১১টায় শহরে খুলনা রোড মোড় এলাকায় পুনরায় কোটাবিরোধী সমাবেশ করবে বলে ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন, আন্দোলনের নামে অস্থিরতা ও জন দুর্ভোগ সৃষ্টি করলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এখনো পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। সাতক্ষীরায় বড় ধরনের কোন ঘটনা ঘটেনি। আমরা তৎপর রয়েছি।
জৈন্তাবার্তা / মনোয়ার




