ছবি নিজস্ব
হবিগঞ্জের লাখাইয়ে উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭ হাজার ১১০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নোমান মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৯১০ জন কৃষকের মাঝে ১ কেজি করে বারি-১৪ জাতের সরিষা বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। এছাড়া পর্যায়ক্রমে উপজেলার ৬টি ইউনিয়নের ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ এবং ৩ হাজার ৭০০ কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান বীজ, ১০ কেজি করে মিউরেট অব পটাশ (এমওপি) সার ও ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হবে।
কৃষি উপকরণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা বলেন, হাওরবেষ্টিত লাখাই উপজেলা খাদ্যে উদ্বৃত্তের উপজেলা এবং কৃষককূল নিরলসভাবে কাজ করে এর ধারাবাহিকতায় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা পালন করছেন। ধানের পাশাপাশি রবিশস্য উৎপাদনেও এ উপজেলা অপার সম্ভাবনাময় অঞ্চল। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরিষাসহ বিভিন্ন ধরনের তেলবীজ উৎপাদন বৃদ্ধি করে আমাদের নিজেদের চাহিদা মিটিয়ে আমদানি নির্ভরতা কমানোর সুযোগ রয়েছে। এতে আমরা আরও স্বাবলম্বী হওয়ার আশা করছি।
তিনি বিনামূল্যে বীজ ও সার বিতরণের মাধ্যমে পাওয়া উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বারোপ করেন।
জৈন্তা বার্তা/আরআর




