হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাঁশমহাল টার্মিনাল ঘাট থেকে অবৈধভাবে পাচার হওয়ার সময় ৫০ বস্তা ডিএপি সার জব্দ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় সারের ডিলার মঞ্জু কান্তি রায়ের প্রতিনিধি সুব্রত রায়কে সার ব্যবস্থাপনা ২০০৬ অনুসারে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার আজমিরীগঞ্জ বাজারের সারের ডিলার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু কান্তি রায়ের প্রতিনিধি সুব্রত রায় ৫০ বস্তা ডিএপি সার ট্রলিযোগে পাশের উপজেলা মিঠামইনে পাচার করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ট্রলিভর্তি সারগুলো জব্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জু কান্তি রায়ের প্রতিনিধি সুব্রত রায়কে সার ব্যবস্থাপনা ২০০৬ অনুসারে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই সঙ্গে তাকে সতর্ক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম। সঙ্গে ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লুৎফে আল মঈজ ও আজমিরীগঞ্জ থানার পুলিশ ফোর্স।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লুৎফে আল মঈজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই সারগুলো জব্দ করা হয়। জব্দকৃত সার উপজেলা পরিষদের হলরুমে রাখা হয়েছে। পরবর্তীতে সারগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হবে। উপজেলাব্যাপী কৃষি অধিদপ্তর থেকে প্রতিদিন খোঁজ-খবর রাখা হচ্ছে। কোনো ব্যবসায়ী যেন কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রি করতে না পারে এবং সার যেন পাচার না হয় এ বিষয়ে নজর রাখা হচ্ছে।
আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে গিয়ে জব্দকৃত সার উদ্ধার করে সার ব্যবস্থপনায় ২০০৬ অনুসারে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ও সতর্ক করে দেওয়া হয়। সারগুলো কৃষি সম্প্রসারণ কর্মকর্তার হেফাজতে রয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




