ছবি : সংগৃহীত
বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার (২৫ মে) রাতে এক বিবৃতিতে দূতাবাস এই সতর্কবার্তা জারি করে। এ বিষয়ে চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবৃতিতে চীনা নাগরিকদের বিদেশিদের সঙ্গে বিয়ের ক্ষেত্রে নিজ দেশের আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। বিশেষ করে, বিয়ের ক্ষেত্রে কোনো ধরনের দালালি বা বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত এজেন্ট বা সংস্থার মাধ্যমে সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, চীনা নাগরিকদের উচিত অনলাইনে ছড়ানো আন্তঃসীমান্ত প্রেম বা ডেটিং সংক্রান্ত প্রচারণা দ্বারা প্রভাবিত না হওয়া। বিশেষ করে, বাংলাদেশি নারীদের সঙ্গে বিবাহের সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি গভীরভাবে চিন্তা-ভাবনা করে এগোনোর পরামর্শ দেওয়া হয়।
চীনের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিয়ের দালালি করতে পারে না। কেউ যদি লাভের উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে এমন কার্যক্রম পরিচালনা করে, তা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ।
এ ধরনের প্রতারণার শিকার হলে চীনা নাগরিকদের দ্রুত জননিরাপত্তা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে দূতাবাস।
এছাড়া, দূতাবাস সতর্ক করে জানায়—বাংলাদেশ মানবপাচার প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। তাই যদি কোনো চীনা নাগরিক অবৈধভাবে বাংলাদেশি নারীদের সঙ্গে বিবাহে জড়ান, তাহলে তাকে মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার করা হতে পারে।
বাংলাদেশের দণ্ডবিধি ও মানবপাচারবিরোধী আইন অনুযায়ী, মানবপাচারের অপরাধে ন্যূনতম সাত বছর থেকে যাবজ্জীবন বা মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি হতে পারে। পাশাপাশি কমপক্ষে পাঁচ লাখ টাকা জরিমানাও ধার্য হতে পারে। এছাড়া যারা মানবপাচারে উৎসাহ দেয়, পরিকল্পনা করে বা সহায়তা করে, তাদের তিন থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।
দূতাবাস আরও উল্লেখ করে, বাংলাদেশে বিচারিক প্রক্রিয়া অনেক সময় দীর্ঘ হয়। মানবপাচারের অভিযোগে কেউ গ্রেপ্তার হলে তদন্ত থেকে শুরু করে আদালতের রায় পর্যন্ত পুরো প্রক্রিয়ায় দীর্ঘ সময় লেগে যেতে পারে। ফলে এতে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবার, জীবনযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনায় গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এই সতর্কবার্তাটি বাংলাদেশে বসবাসরত ও বাংলাদেশ সফরে আগ্রহী চীনা নাগরিকদের উদ্দেশে জারি করা হয়েছে।
জৈন্তাবার্তা / রহমান




