আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন চার হাজারের বেশি মানুষ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন চার হাজারের বেশি মানুষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৬ ১১:৪০:২১ অপরাহ্ন

আসামে ৭৫০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, গৃহহীন চার হাজারের বেশি মানুষ

ছবি:সংগৃহীত


ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার আলমগঞ্জে প্রায় ৭৫০টি বাঙালি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার জেলার ৯ নম্বর ব্লকের প্রায় ৬৫০ বিঘা সরকারি জমি থেকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। এতে চার হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন উচ্ছেদ হওয়া পরিবারগুলো। রোববার তাঁদের বসতবাড়ি উচ্ছেদে প্রায় ৬০টি বুলডোজার ব্যবহার করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আসামের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা আইজিপি অখিলেশ কুমার সিং এবং ধুবড়ির জেলা কমিশনার দিবাকর নাথ অভিযান তদারকি করেন।

জেলা কমিশনার দিবাকর নাথ জানান, মোট ৮০০ বিঘা জমিতে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। তবে আদালত-সংক্রান্ত বিষয় বিচারাধীন থাকায় অবশিষ্ট ১৫০ বিঘা জমিতে আপাতত অভিযান চালানো হয়নি। উচ্ছেদ করা জমি শিল্প বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তাঁর দাবি, দুই বছর ধরে পরিকল্পিত একটি শিল্পপার্ক নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দিবাকর নাথের দাবি, ওই এলাকার বাসিন্দারা বিভিন্ন সময়ে জমি জবরদখল করেছিলেন এবং তাঁদের অনেকেরই অন্যত্র বিকল্প জমি রয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা তাঁর এ দাবি প্রত্যাখ্যান করেছেন।

উচ্ছেদ হওয়া পরিবারগুলোর অনেকেই বিকল্প জমি না পেয়ে আত্মীয়স্বজনের বাড়ি, সড়কের পাশে অস্থায়ী কুঁড়েঘর কিংবা নিচু চর এলাকায় আশ্রয় নিয়েছেন। এতে তাঁদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে জানা গেছে।

উচ্ছেদ অভিযান চলাকালে মসজিদ, উপাসনালয় ও কবরস্থানসংলগ্ন এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। কেউ কেউ দরগাহ ও কবরস্থানে প্রার্থনা করেন। একটি দরগাহ ভাঙার সময় হঠাৎ একটি বুলডোজার বিকল হয়ে পড়ে। এর চালক অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

আসামে কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব অভিযানের লক্ষ্য মূলত বাঙালি মুসলিম অধ্যুষিত এলাকাগুলো। সূত্র: প্রথম আলো

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: