ছবি:সংগৃহীত
সিলেটে বালুভর্তি ট্রাকে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া ব্রিজসংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে এসব পণ্য উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) অর্জুন চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বালুভর্তি একটি টাটা খোলা ট্রাক আটক করা হয়। পরে ট্রাকের চালক মো. আবুল কাশেমকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কাশেম নোয়াখালীর চাটখিল উপজেলার ফতেপুর এলাকার মৃত আবদুল মান্নান মমিন ও রাহেলা বেগমের ছেলে। তিনি বর্তমানে ঢাকার কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ আরও জানায়, ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ভারতীয় গার্ডোর সাফারি চকলেট, সোবিস্কো বিস্কুট, বেঞ্জো চকলেট, নেসলে মাঞ্চ চকলেট, ক্লাসিক সোন পাপড়ি ও আমুল কুল জুসসহ বিভিন্ন ধরনের পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা। এ সময় পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ৪, তারিখ ২ নভেম্বর ২০২৬। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




