ছবি:সংগৃহীত
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শুধু পরীক্ষায় পাসের হার বৃদ্ধি নয়, মেধাবী শিক্ষার্থী ও প্রকৃত সুনাগরিক তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। ভালো গ্রেড অর্জন করেও বাস্তব জীবনে দক্ষতার পরিচয় দিতে না পারলে সেই শিক্ষা অর্থবহ হয় না। সরকার এমন শিক্ষাব্যবস্থা চায় না। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।
সোমবার (২ নভেম্বর) গোলাপগঞ্জ পৌর এলাকার জামেয়া ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সরকার ১ লাখ ২৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে। শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল চালুর পাশাপাশি ভবিষ্যতে স্কুলব্যাগ, জুতা ও ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা মূল্যে পড়াশোনার সুযোগ সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু বিদেশে যাওয়ার স্বপ্ন দেখলে হবে না, ভালোভাবে লেখাপড়া করে দেশের জন্যও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনে আসক্তি বাড়ছে, যা তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। এ বিষয়ে অভিভাবকদের সচেতন ও সতর্ক থাকতে হবে।
সরকার পরিচালনা প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, সংসদে বিভিন্ন বিষয়ে আলোচনা-সমালোচনা থাকবে। তবে রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই এক। প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’। এই চেতনাকে ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে একযোগে কাজ করতে হবে।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মহিউসসুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী এবং উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, ইসলামী ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক জালাল উদ্দিন আহমদ, মো. আব্দুল কাদির ও মো. ইখতিয়ার উদ্দিন।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




