আনচেলত্তির প্রথম ম্যাচে ব্যর্থ ব্রাজিল
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:০০ AM

আনচেলত্তির প্রথম ম্যাচে ব্যর্থ ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০১:৪৭:৩৫ AM

আনচেলত্তির প্রথম ম্যাচে ব্যর্থ ব্রাজিল

ছবি : সংগৃহীত


কার্লো আনচেলত্তির অধীনে নতুন যুগে পা রেখেছে ব্রাজিল। কিন্তু সেই যাত্রার শুরুটা মোটেও আশাব্যঞ্জক হলো না। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের মাঠে আনচেলত্তির প্রথম ম্যাচেই গোলশূন্য ড্র করেছে ব্রাজিল। ফলাফল দেখে হয়তো অনেকে বলবেন, অন্তত হারতে হয়নি। কিন্তু মাঠের পারফরম্যান্সে যে হতাশার ছাপ স্পষ্ট, তা আর অস্বীকার করার উপায় নেই।

ইকুয়েডরের মাঠে এক পয়েন্টই হয়তো ব্রাজিলের প্রাপ্তি। কারণ ম্যাচটা যে তারা হেরে যেতে পারত, সে আশঙ্কাও কম ছিল না। স্বাগতিকদের ফিনিশিং যদি আরও নিখুঁত হতো, আনচেলত্তির অভিষেকটা হয়ে যেতে পারত একেবারেই তেতো। শেষ পর্যন্ত অবশ্য কোনো দলই জালের দেখা পায়নি।

ব্রাজিলের রক্ষণভাগ ব্যস্ত থেকেছে প্রায় পুরোটা সময়। গোটা ম্যাচে তাদের করা ৩৭৬টি সফল পাসের মধ্যে ২৮৫টিই নিজেদের অর্ধে! প্রতিপক্ষের অর্ধে পাস গেছে মাত্র ৯১টি। এর বিপরীতে ইকুয়েডর ব্রাজিলের অর্ধে খেলেছে ২২২টি পাস- যা দুই দলের মাঝে দখলের পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

তবে শুধু বল দখল নয়, আক্রমণেও ছিল বড়সড় পার্থক্য। ব্রাজিল পুরো ম্যাচে মাত্র ৩টি শট নিতে পেরেছে লক্ষ্যে, যা তাদের মতো দলের জন্য অত্যন্ত হতাশাজনক। অপরদিকে ইকুয়েডর নিয়েছে ৭টি শট, যদিও সেগুলোর কোনোটিই জালে জড়াতে পারেনি।

প্রথম একাদশে থাকা তারকাদের নিয়ে আগেই ছিল অনেক আলোচনা। কিন্তু ভিনিসিয়ুস, পাকেতা, ব্রুনো গিমারাইশদের নিয়ে সাজানো সেই তারকাখচিত দলে গতি ছিল না, ধার ছিল না। মাঝমাঠে দু-একটি আক্রমণ তৈরি করলেও তা এগোতে পারেনি প্রতিপক্ষের বক্স পর্যন্ত।

দ্বিতীয়ার্ধে আনচেলত্তি কিছু পরিবর্তন আনার চেষ্টা করেন। রিচার্লিসন ও তরুণ এস্তেভাওয়ের জায়গায় নামেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ম্যাথিউস কুনিয়া। তবে তার পরও মাঠের চিত্রে উল্লেখযোগ্য কোনো বদল দেখা যায়নি।

এই ড্রয়ের ফলে বিশ্বকাপ বাছাইয়ে ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। আর সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে ইকুয়েডর।

সব মিলিয়ে আনচেলত্তির প্রথম ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স ছিল অগোছালো, মন্থর ও অনুপ্রেরণাহীন। নতুন কোচের অধীনে নতুন স্বপ্নে বিভোর ব্রাজিল সমর্থকদের জন্য তাই শুরুর স্বপ্নটা খুব একটা রঙিন হলো না।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : আব্দুল কাইয়ুম চৌধুরী
পর্যটন বিকাশে সার্ভিস সেন্টার চালু করা হবে-মন্ত্রী আরিফুল হক চৌধুরী
৮ ঘণ্টাতেই বর্জ্যমুক্ত সিলেট, নগরবাসীকে ধন্যবাদ জানালেন সিসিক প্রশাসক
জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
চা-বাগানের সৌন্দর্যে মুগ্ধ ঈদে আসা পর্যটকেরা
তাহিরপুরে নৌকাডু'বির ঘটনায় নি'খোঁজ শিশুর ম'রদেহ উ'দ্ধার
হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ
চামড়া শিল্পকে শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের - খন্দকার মুক্তাদির
ঈদের ছুটিতে মাধবকুণ্ডে এসে হতাশ ভ্রমণপিপাসুরা