ছবি: নিজস্ব
সুনামগঞ্জের জগন্নাথপুরের অসীম দেবনাথের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় কলকলিয়া ইউনিয়নের ঘুংগিয়ারগাঁওয়ের নিরঞ্জন দেবনাথের ছেলে অসীম দেবনাথের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাসিমের সভাপতিত্বে ও জুবায়ের আহমদের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মির্জা আব্দুল লতিফ, নিহত অসীম দেবনাথের মা পদ্মা রানী, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লেবু, তরুণ সমাজসেবক আনোয়ার হোসেন শিপু, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম’র সহসভাপতি হুমায়ূন কবীর ফরীদি, রাশেল আহমদ, ফারুক আহমেদ, নিহত অসীমের ভাই অর্জুন দেবনাথ ও রমা দাস।
বক্তারা বলেন, সহজ সরল অসীম দেবনাথ ছাতক উপজেলার গোয়াসপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়ার পর তার ভাসমান লাশ শান্তিগঞ্জ উপজেলার সিদখাই গ্রাম পার্শ্ববর্তী হাওর থেকে শান্তিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে নিহত অসীমের এর বড় ভাই ছাতক থানায় হত্যা মামলা করেছে। এই মামলা তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত গ্রেফতার করার পাশাপাশি দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করার জন্য পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবি জানাচ্ছি।
নিহত অসীমের ভাই অর্জুন দেবনাথ তার বক্তব্যে বলেন, ছাতকের গোয়াসপুর গ্রাম নিবাসী রাজ মিয়া রেজন মিয়া, সুজন মিয়া ও সুমন মিয়া সহ গং ব্যক্তিবর্গ আমার ভাইকে মেরে গুম করার চেষ্টা করে। আমার ভাইয়ের ভাসমান লাশ হাওর থেকে শান্তিগঞ্জ থানা পুলিশ উদ্ধার করেছে। আমি এ ব্যাপারে আসামীদের নাম উল্লেখসহ ছাতক থানায় মামলা দায়ের করার ১০ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ আসামিদের গ্রেফাতর করেনি। থানা পুলিশ নানা টালবাহানা করছে। আমার ভাইয়ের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
নিহত অসীম দেবনাথের মা পদ্মা রানী কান্না জড়িত কন্ঠে তার বক্তব্যে বলেন, আমি সহায় সম্বলহীন সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়ের লোক। আমার ছেলেকে গোয়াসপুর গ্রামের রাজ মিয়া, রেজন মিয়া সহ তার লোকজন মেরে ফেলছে। আমি প্রশাসনের নিকট হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করছি।
উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘুংগিয়ারগাঁও গ্রাম নিবাসী মৃত নিরঞ্জন দেবনাথের ছেলে অসীম দেবনাথ (৩০) বিগত ৭ জুন শনিবার (ঈদুল আজহার দিন) সকালে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গোয়াসপুর গ্রাম নিবাসী রাজ মিয়ার বাড়ীতে যায়। এই বাড়ীতে অসীম দেবনাথ (৩০) একপর্যায়ে রাজ মিয়ার ছেলে রেজন মিয়ার বাস চালক শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়ার (৪২) সাথে কথা কাটাকাটি করে বাস চালক শাহজাহান মিয়াকে চুরিকাঘাত করে। এতে রেজন মিয়ার লোকজন অসীম দেবনাথকে বেঁধে রেখেছে এমন খবর পেয়ে অসীম এর মা ও পরিবার এর লোকজন তাকে ছাড়াতে গিয়ে তার সন্ধান না পেয়ে চলে আসেন। এবং সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুঁজি করে ছেলের সন্ধান না পেয়ে নিখোঁজ অসীম এর মা পদ্মা রানী ১০ জুন ছাতক থানায় জিডি করেন। সে নিখোঁজ হওয়ার পাঁচ দিনের দিন ১১ জুন বুধবার শান্তিগঞ্জ উপজেলার সিদখাই প্রাইমারী স্কুল সংলগ্ন হাওর থেকে শান্তিগঞ্জ থানা পুলিশ নিখোঁজ অসীম দেবনাথের (৩০) ভাসমান লাশ উদ্ধার করে এবং লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করে। পরে লাশের শেষ কৃত্যানুষ্টান সম্পন্ন করেন পরিবার এর লোকজন। এবং ১৪ জুন নিহত অসীম দেবনাথের ভাই অর্জুন দেবনাথ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




