প্রতীকী ছবি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। গোলাগুলির পর ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আবু সাঈদ (৩১) পেশায় রাজমিস্ত্রি বলে জানা গেছে।
রবিবার রাতে উপজেলার গাদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, গোলাগুলিতে একজন নিরীহ লোক মারা গেছেন। তবে তিনি কার গুলিতে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত আবু সাঈদ পার্শ্ববর্তী দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের তাজ মিয়ার ছেলে। তিনি ওই গ্রামে একটি নতুন বাড়ি নির্মাণের কাজে এসেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের বাসিন্দা বর্তমান চেয়ারম্যান যুবলীগের নেতা একরার হোসেন ও একই গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জেরে দুইদিন ধরে গ্রামে উত্তেজনা চলছিল। উভয়পক্ষের মধ্যে গত শুক্রবার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলির ঘটনা ঘটে। এর আগেও দুইপক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটেছে। অস্ত্র প্রদর্শনও হয়েছে প্রকাশ্যে।
রবিবার বিকেলে সেনাবাহিনীর একটি টহল দল অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে ওই গ্রামে অভিযান চালায়। খবর পেয়ে হাতিয়া গ্রাম থেকে সন্ত্রাসীরা নৌকায় করে পালিয়ে পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলার গাদালিয়া গ্রামে গিয়ে আশ্রয় নেয়। সেনাবাহিনী সেখানে গিয়ে ওই গ্রাম ঘেরাও করলে সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনীও গুলি করে। পরে ওই এলাকায় রাজমিস্ত্রি আবু সাঈদের লাশ পাওয়া যায়।
সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের এক কর্মকর্তা জানান, শুক্রবার একরার হোসেনের লোকজনের সঙ্গে আতিকুর রহমানের লোকজনের গোলাগুলির ঘটনা ঘটে এবং একজন গুলিবিদ্ধ হন। একরার হোসেন ও তার অনুসারীরা প্রায়ই ওই এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ থেকে রবিবার সেনাবাহিনীর একটি টহল দল অস্ত্রধারীদের ধরতে হাতিয়া গ্রামে অভিযান চালায়। বিকেলে সেনাবাহিনীর উপস্থিতি দেখে একরার পক্ষ সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও গুলি চালায়। পরে একরার বাহিনীর সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে পালাতে শুরু করে। পরে টহল দল ওই স্থানে গিয়ে একজনের মরদেহ দেখতে পায়। ওই ব্যক্তি কার গুলিতে মারা গেছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি। যৌথবাহিনী সেখানকার অস্ত্রধারীদের ধরতে অভিযান পরিচালনা করছে।
জৈন্তা বার্তা/আরআর




