ছবি : সংগৃহীত
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পরও সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কোনো সুরাহা হয়নি। যারা বিগত দিনে দেশ শাসন করেছে, তারা প্রকৃতপক্ষে জাতিকে শাসনের নামে শোষণ করেছে। শাসক শ্রেণির সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব ছিল প্রকট। তারা জনগণের সুবিধা-অসুবিধা জানার প্রয়োজনই মনে করেনি। শুধুমাত্র নিজেদের পকেট ভারি করা, বিদেশে টাকা পাচার এবং একাধিক বাড়ি বানানোতেই ছিল তাদের মনোযোগ। সময় এসেছে এই ধান্দাবাজ নেতৃত্বকে বর্জন করার।
সোমবার (৩০ জুন) দুপুর ২টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, যারা বুকে বন্দুক ঠেকিয়ে দেশের মানুষ হত্যা করে, তারা কখনো দেশপ্রেমিক রাজনৈতিক নেতা হতে পারে না। দেশের ভাগ্যোন্নয়নে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উন্নয়ন উন্নয়ন বলে স্লোগান দিলেই উন্নয়ন হয় না। সরকার দায়িত্ব নেয়ার পর অনেক বিলাসী প্রকল্প বাতিল করতে হয়েছে। কর্ণফুলী ট্যানেল প্রকল্প থেকে প্রতিদিন ৪০ লক্ষ টাকা লোকসান হচ্ছে, যা বোঝায় অযাচিত প্রকল্প কীভাবে রাষ্ট্রকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়।
বিভাগীয় কমিশনার বলেন, পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষায় সংস্কার দরকার। দেশে এখন এক ধরনের ষড়যন্ত্রের অগ্নিকুণ্ড বিরাজ করছে। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাও বিপর্যস্ত। পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিনিয়ত ইয়াবা, ফেনসিডিল, নিম্নমানের চিনি ও বিড়ি প্রবেশ করছে। এর ফলে দেশের তরুণ সমাজ ধ্বংসের মুখে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। স্বাস্থ্য এখন মানুষের অন্যতম প্রধান ব্যয়, যা নিয়ন্ত্রণে আনা জরুরি।
উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউএনও সনজীব সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ আব্দুর রশীদ, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ আলী, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসাইন চৌধুরী প্রমুখ।
এরআগে সকাল সাড়ে ১০ টায় দিরাই উপজেলার প্রবেশদ্বারে নির্মিত তোরণ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। বেলা ১১টায় তিনি বাংলাদেশ ফিমেল একাডেমি পরিদর্শন শেষে সেমিনার কক্ষে ক্যাব আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




