সংগৃহিত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউপাল্লাথল এলাকার মাতামোড়াল সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন করেছে বিএসএফ।শনিবার (৫ জুলাই) সকালে সীমান্তে ঘোরাঘুরির সময় তাদের আটক করে জিজ্ঞাসাবাদে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিলেটের বিয়ানীবাজার-৫২ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সকালে বড়লেখা উপজেলার মাতামোড়াল সীমান্তের পাহাড়ি এলাকায় টহলরত বিজিবি সদস্যরা ১০ জন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। পরে তাদের আটক করে হেফাজতে নেয়া হয়। আটকদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গত এক থেকে ছয় মাস আগে সিলেট ও কুমিল্লার সীমান্ত পয়েন্ট দিয়ে তারা ভারতে অনুপ্রবেশ করেছিল। দীর্ঘদিন ভারতে অবস্থানের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের মাতামোড়াল সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
আটকরা বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তারা।
ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আটকদের বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হবে।
জৈন্তাবার্তা / সুলতানা



