ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোতালেব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাতক উপজেলা প্রেসক্লাব।
এক বিবৃতিতে ছাতক উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন বলেন, একজন সাংবাদিকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
তারা এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভয়ভীতি ও বাধা ছাড়াই সংবাদ সংগ্রহ ও প্রকাশের অনুকূল পরিবেশ বজায় রাখা জরুরি।
তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




