গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ইউএনওর মতবিনিময়
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ইউএনওর মতবিনিময়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/১০/২০২৬ ০৩:৩৮:৪২ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ইউএনওর মতবিনিময়

সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে নবনির্বাচিত গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এনামুল হক এনাম, সিনিয়র সহসভাপতি আজিজ খান, সহসভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, দপ্তর সম্পাদক ওলিউর রহমান তামিম, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক সালমান কাদের দীপু এবং সদস্য ফখরুল ইসলাম শাকিল।

মতবিনিময় সভায় ইউএনও মো. রফিকুল ইসলাম নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনাদের এই ঐক্য পুরো দেশবাসীর কাছে প্রশংসিত। উৎসবমুখর ও আনন্দঘন নির্বাচনের মাধ্যমে আপনারা গোলাপগঞ্জকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন।’

তিনি আরও বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়নের অংশীদার। তাঁদের লেখনীর মাধ্যমে সমাজের উন্নয়ন, অগ্রগতি, অভাব-অভিযোগ ও নানা সমস্যা তুলে ধরা হয়। অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। তবে যেসব ক্ষেত্রে আরও উন্নয়ন প্রয়োজন, সেসব বিষয়ও সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জাতির সামনে উঠে আসে।

এ সময় তিনি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি গোলাপগঞ্জ উপজেলার উন্নয়ন ও অগ্রগতিতে তাঁদের সহযোগিতা কামনা করেন।

সভায় গোলাপগঞ্জের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব পায় গোলাপগঞ্জ চৌমুহনীর দীর্ঘদিনের যানজট নিরসন, অবৈধভাবে পাহাড় কাটা বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়গুলো।

জৈন্তা বার্তা / ওয়াদুদ