সারাদেশের দুর্গা পূজা উদযাপন করতে যেখানে আয়োজকরা মন্ডপ সাজানোর কাজে ব্যস্ত সেখানে শ্রীমঙ্গলের মঙ্গলচন্ডি মন্দিরে শুরু হয়েছে দুর্গা পূজা।
দুয়ারে কড়া নাড়ছে দেবীদুর্গার আগমনী বার্তা। সনাতনী পঞ্জিকা মতে পাঁচদিন বাকি আছে শারদীয় দুর্গাপূজার। কিন্তু এর আগে থেকেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রীশ্রী মঙ্গলচণ্ডী পূজা মন্ডপে শুরু হয়েছে দুর্গাপূজা।
সারাদেশে মন্ডপগুলোতে যেখানে আয়োজকদের চোখে ঘুম নেই পুজার প্রস্তুতিতে, সেখানে এই পূজা মন্ডপে ঢাক-ঢোল, শঙ্খ আর উলুধ্বনির মাধ্যমে শুরু হয়ে গেছে দুর্গাপুজা।
রোববার সকালে দেবী দুর্গার শৈলপুত্রী রুপে পূজা শুরু হয়। ১৩ বছর ধরে এখানে আগাম দুর্গা পূজা করে আসছেন আয়োজকরা। প্রথম দিনেই পূজা দেখতে বিভিন্ন জায়গা আসছেন সনাতন ধর্মাবলম্বীরা।
রোববার সকালে মঙ্গলচন্ডি মন্দিরে গিয়ে দেখা যায়, ঢাকের তালে সরগরম পূজা মন্ডপ। নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলিও দিয়েছেন ভক্তরা। পৌরানিক নিয়ম অনুযায়ী এই মন্দিরে দেবী দুর্গার শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী এই ৯ টি রুপের প্রতিমা তৈরী করা হয়েছে। প্রতিদিন একটি করে ৯ দিন ক্রমান্বয়ে পূজা করা হবে এখানে।
স্থানীয়রা জানান, শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানে অবস্থিত শ্রীশ্রী মঙ্গলচণ্ডীর মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও দেবী দুর্গার নয়টি রূপে দশ দিনব্যাপী এই নবদুর্গা পূজার আয়োজন করা হয়েছে। এখানে প্রতিষ্ঠা করা হয়েছে দেবীর পৃথক ৯টি রূপের দুর্গা প্রতিমা।
তারা বলেন, পৌরাণিক নিয়ম অনুযায়ী মঙ্গলচন্ডীর মন্দিরে দেবীদুর্গার নয়টি রূপে নয়দিন ব্যাপী পূজার্চনা চলবে। প্রথম দিনে দেবীকে শৈলপুত্রী রূপে পূজা করা হয়। এভাবে আগামী নবমী তিথি পর্যন্ত ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মান্ডা, স্কন্ধমাতা, কাত্যায়নী, কালোরাত্রী, মহাগৌরী ও সিদ্ধিদাত্রী রূপে পূজা করা হবে।
আগাম দূর্গা পূজা দেখতে আসা অনুরিমা সেন বলেন, এই পূজার কথা অনেক শুনেছি। আজ সকালে চলে এলাম। সারাদেশে এখনো পূজা শুরু হয় নি। এখানে সোম থেকেই পূজা শুরু হয়ে গেছে ৷ চারদিকে চা বাগান ঘেরা মন্দিরে এসে ভালো লাগলো। পাশাপাশি এখানে দেবী দুর্গার বিভিন্ন রুপের বর্ণনা করা হয়েছে। যা আগে জানা ছিলো না।
প্রসেনজিৎ মণ্ডল নামের আরেকজন বলেন, প্রথম দিনই পূজা দিতে চলে এলাম। এখানে অনেক ভীড় হয় ৷ তাই পরিবারের সকলেই এসেছেন। এখানে এসে সবার পূজা আনন্দ পাচ্ছি। অনেকের সাথে দেখা হচ্ছে।
শ্রীশ্রী মঙ্গলচন্ডি সেবাশ্রম নবরুপে নবদূর্গা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ঝিনুক বৈদ্য বলেন, শ্রীশ্রী মঙ্গলচন্ডি মন্দিরটি এই অঞ্চলের অনেক প্রাচীন মন্দির।এই জায়গাটিতে গত ১২ বছর ধরে আমরা নবদুর্গা পূজা করে আসছি। এবছর আমাদের ১৩তম আয়োজন। নয় দিন ব্যাপী এই পূজা হয়। নবদুর্গা পূজা দেখতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন। আগামী ২৪ অক্টোবর সারাদেশের পূজার সাথে মিল রেখে প্রতিমা বিসর্জন এর মধ্য দিয়ে পূজার সমাপ্তি হবে।
ডিডি




