সংগৃহিত
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি বসবাস করেন। তিনি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রের উন্নয়নসহ উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের আরও দুইজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




