পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হওয়ার আহ্বান

পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ১০:০২:৪৬ অপরাহ্ন

পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


শিক্ষার পাসের হার বাড়ানোর চেয়ে শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর বেশি গুরুত্ব দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সিসিক প্রশাসক বলেন, একসময় শিক্ষা-দীক্ষায় সিলেট অঞ্চল দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক এগিয়ে ছিল। কিন্তু বর্তমানে শিক্ষার বিভিন্ন সূচকে এ অঞ্চলের অবস্থান পিছিয়ে পড়েছে। এর অন্যতম কারণ মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব। সিলেটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নতুন মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বাড়াতে হবে।

তিনি বলেন, শুধু পাসের হার বাড়ানোর পেছনে ছুটলে চলবে না। শিক্ষার্থীরা প্রকৃত অর্থে কতটা জ্ঞান ও দক্ষতা অর্জন করছে, সেদিকে নজর দিতে হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী সিলেটকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। এ লক্ষ্যে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও নানা উদ্যোগ নেন।

তিনি আরও বলেন, বর্তমান সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও সিলেটকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে কাজ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত অবস্থানে নিয়ে যেতে হবে।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে সিসিক প্রশাসক বলেন, তোমরাই আগামী দিনের সিলেট ও বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমেও সমৃদ্ধ হতে হবে। নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ। অভিভাবক সদস্য মো. সালেহ মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি মাহবুব চৌধুরী, জিয়া সংসদ সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং দুর্নীতি মুক্তকরণ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দুর্গাপূজায় সিলেটে বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, মাঠে নামছেন হাজারো সদস্য
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি