ছবি:সংগৃহীত
সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকার মংলিপারে দীর্ঘদিনের অন্ধকারাচ্ছন্ন রাস্তা আলোকিত করতে ব্যক্তিগত উদ্যোগে একাধিক উচ্চক্ষমতাসম্পন্ন এলইডি লাইট স্থাপনের ব্যবস্থা করেছেন সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সজিবুর রহমান রুবেল।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে মংলিপারের বাবুল মিয়ার বাড়ি থেকে খ্রিস্টান বাড়ি পর্যন্ত সড়কে এসব লাইট স্থাপন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মংলিপার এলাকার বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় চলাচলে ভোগান্তিতে পড়তে হতো এলাকাবাসী ও পথচারীদের। অন্ধকারের কারণে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি নিরাপত্তাহীনতাও বিরাজ করছিল। এ পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসেন সজিবুর রহমান রুবেল।
এ বিষয়ে সজিবুর রহমান রুবেল বলেন, ‘এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলি এবং তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা জানতে পারি। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের কল্যাণমূলক কাজ করাকে আমি ইবাদত বলে মনে করি।’
লাইট স্থাপনের সময় উপস্থিত ছিলেন মংলিপার এলাকার বিশিষ্ট মুরব্বি বাবুল মিয়া, মংলিপার ক্রীড়া সংস্থার সহসভাপতি সাহিন আহমেদ, শামিম আহমেদ, আয়নুল আহমেদ, লোকমান আহমেদ, জাফর গাজী, সুজু মিয়া, কমল দ্যা, রিপন আহমেদ, রকি আহমেদ এবং খাদিমনগর ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিবরিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা।
দীর্ঘদিন পর সড়কে আলোর ব্যবস্থা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মংলিপারবাসী। তাঁরা জানান, পর্যাপ্ত আলোর অভাবে রাতে চলাচল করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হতো। নতুন লাইট স্থাপনের ফলে এখন থেকে পথচারীদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে তাঁরা আশা করছেন।
এ জনকল্যাণমূলক উদ্যোগের জন্য সজিবুর রহমান রুবেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এয়ারপোর্ট এলাকার মংলিপারের সর্বস্তরের বাসিন্দারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




