ছবি:সংগৃহীত
যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী ২০২৬-২০২৮ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আশরাফ মিয়া এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন হেলেন ইসলাম।
গত ১৩ অক্টোবর পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় চার শতাধিক ডেলিগেট, অতিথি, কমিউনিটি নেতা, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন নারী নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, অপর প্যাট্রন কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্টের চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি নেতা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফী ও সৈয়দ সায়েম করিম। এ ছাড়া সংগঠনের ১০টি রিজিওনাল ও আটটি শাখা কমিটির নেতৃবৃন্দসহ আমন্ত্রিত বিশিষ্টজনেরা বক্তব্য দেন।
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের ন্যায্য দাবি তুলে ধরেন বক্তারা
সম্মেলনে সিলেটের উন্নয়ন, প্রবাসীদের অধিকার এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বক্তারা। তাঁদের দাবির মধ্যে ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিভিন্ন বিদেশি এয়ারলাইনের সরাসরি ফ্লাইট চালু, বিমানভাড়া হ্রাস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট নিরসন, যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর আহমদ খান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল আহাদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলর এ কে এম হেলাল, কাউন্সিলর গুলজার আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান, সংগঠনের উপদেষ্টা মাসুদ চৌধুরী ও আলহাজ্ব সুরাবুর রহমান। এ ছাড়া সাংবাদিক তাইসির মাহমুদ, সাহেদ রহমান, সাজিদুর রহমান ও আজিজুল আম্বিয়াসহ সংগঠনের উপদেষ্টারা বক্তব্য দেন।
‘ঐক্যের বন্ধন’ ম্যাগাজিন প্রকাশ
সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শিরোনামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনটির সম্পাদনায় ছিলেন হেলেন ইসলাম, সৈয়দ সায়েম করিম, নূরজাহান শিল্পী, শাহ শাফী ও আব্দুর রহিম রনজু।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি গান, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সম্মেলনকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি ছিল নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। সব মিলিয়ে সম্মেলনটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার নবনির্বাচিত নেতাদের
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মকিস মনসুরসহ কেন্দ্রীয় কমিটির নেতারা আগামী দুই বছরের জন্য তাঁদের ওপর আস্থা রেখে দায়িত্ব অর্পণ করায় সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাঁরা বলেন, ‘লিডারশিপ মানে ক্ষমতা বা কর্তৃত্ব নয়, লিডারশিপ মানে দায়িত্বশীলতা।’ প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেতারা আরও বলেন, ঐক্যই তাঁদের সবচেয়ে বড় শক্তি। যুক্তরাজ্যের যে প্রান্তেই বসবাস করা হোক না কেন, সিলেটবাসীর শিকড়, ঐতিহ্য ও মূল্যবোধ অভিন্ন। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে সিলেটবাসীর অধিকার আদায়, প্রবাসীদের কল্যাণ এবং কমিউনিটির ঐক্যের বন্ধন সুদৃঢ় করাই হবে তাঁদের প্রধান লক্ষ্য।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুসহ সিলেটের সব ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। আগামী প্রজন্মের জন্য সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সবার সহযোগিতাও কামনা করেন নবনির্বাচিত নেতারা।
নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সংগঠনের প্যাট্রন, উপদেষ্টা ও সম্মেলনে অংশগ্রহণকারী অতিথিরা বলেন, যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে দূর-দূরান্ত পেরিয়ে বিপুলসংখ্যক মানুষের সম্মেলনে অংশগ্রহণ সংগঠনের প্রতি তাঁদের ভালোবাসা ও দায়বদ্ধতার প্রতিফলন।
বৃহত্তর সিলেট কমিউনিটির সবাইকে একই ছাদের নিচে ঐক্যবদ্ধভাবে দেখতে পারা আনন্দ ও গর্বের বিষয় উল্লেখ করে তাঁরা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যুক্তরাজ্যজুড়ে সিলেটবাসীর পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে হবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




