সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

বাণিজ্যমেলা উৎপাদক ও ক্রেতার মধ্যে অনন্য সেতুবন্ধন তৈরি করে: বিভাগীয় কমিশনার

সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৬ ০৫:৩২:৫৭ অপরাহ্ন

সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেছেন, যেকোনো দেশের সামগ্রিক অর্থনীতিকে সচল রাখতে বাণিজ্যমেলার ভূমিকা অপরিসীম। বাণিজ্যমেলা কেবল পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যম নয়, বরং উৎপাদক ও ক্রেতার মধ্যে এক অনন্য সেতুবন্ধন তৈরি করে। পণ্যের গুণগত মান তুলে ধরা, বাজার যাচাই এবং নতুন ভোক্তা সৃষ্টি করার ক্ষেত্রে এ ধরনের মেলার গুরুত্ব অত্যন্ত বেশি।

তিনি বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের অবদান অনস্বীকার্য। মেধা, শ্রম ও সৃজনশীলতা দিয়ে নারীরা নিজেদের আত্মনির্ভরশীল করার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিলেট নগরের শাহী ঈদগাহ মাঠে সিলেট উইমেন চেম্বার আয়োজিত মাসব্যাপী সৃজনশীল পণ্য ও বাণিজ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমীন শম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম (বিপিএম), সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনুর রুবাইয়াৎ, উইমেন চেম্বারের পরিচালক সামা হক চৌধুরী এবং সিলেট প্রেসক্লাবের সহসভাপতি এম এ হান্নান। শুরুতে স্বাগত বক্তব্য দেন উইমেন চেম্বারের সহসভাপতি আলেয়া ফেরদৌসি তুলি।

নারী উদ্যোক্তাদের পণ্যের বাজার সম্প্রসারণে মেলা গুরুত্বপূর্ণ: পুলিশ কমিশনার

সিলেট মহানগর পুলিশের কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম বলেন, নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও বিক্রির উপযুক্ত সুযোগ তৈরি করা জরুরি। অনেক নারী উদ্যোক্তা মানসম্মত ও চমৎকার পণ্য তৈরি করলেও সঠিক বিপণনব্যবস্থার অভাবে তা সাধারণ ক্রেতাদের কাছে পৌঁছাতে পারেন না।

সিলেট উইমেন চেম্বারের এ মাসব্যাপী বাণিজ্যমেলা তাঁদের জন্য সেই সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা তাঁদের তৈরি হস্তশিল্প, দেশীয় বস্ত্র ও বিভিন্ন সৃজনশীল পণ্য প্রদর্শন এবং নিজস্ব ব্র্যান্ড পরিচিতি গড়ে তোলার সুযোগ পাবেন। পাশাপাশি সরাসরি ক্রেতাদের চাহিদা ও মতামত জানার মাধ্যমে পণ্যের মান উন্নয়ন করতে পারবেন।

বাণিজ্যের পাশাপাশি বিনোদনের সুযোগ তৈরি করেছে মেলা: জেলা প্রশাসক

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, সাধারণভাবে মেলা বলতে আমরা কেনাবেচা ও লাভ-ক্ষতির হিসাব বুঝি। কিন্তু বাণিজ্যমেলা শুধু ব্যবসা বা অর্থনৈতিক লাভের মাধ্যম নয়; এর সঙ্গে বিনোদন ও সাংস্কৃতিক আনন্দও জড়িয়ে রয়েছে।

তিনি বলেন, আধুনিক ও যান্ত্রিক জীবনে মানুষ ক্রমেই ব্যস্ত হয়ে পড়ছে। কাজের চাপ ও দৈনন্দিন ব্যস্ততার মধ্যে মানসিক প্রশান্তি, বিনোদন এবং পারিবারিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিলেট উইমেন চেম্বারের এ মেলাকে ‘একের ভেতর দুই’ উল্লেখ করে তিনি বলেন, একদিকে এটি নারী উদ্যোক্তাদের নিজেদের তৈরি পণ্য সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরা ও বিপণনের সুযোগ সৃষ্টি করেছে, অন্যদিকে নগরবাসীর জন্য পরিবার-পরিজন নিয়ে আনন্দময় সময় কাটানোর একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে।

নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে মেলায় আসার আহ্বান পুলিশ সুপারের

জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, উইমেন চেম্বার আয়োজিত মাসব্যাপী এ বাণিজ্যমেলা ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

মেলার সফলতা কামনা করে তিনি পরিবার-পরিজন নিয়ে মেলায় আসার আহ্বান জানান। একই সঙ্গে দেশীয় ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য দেখার পাশাপাশি সেসব পণ্য কেনার মাধ্যমে উদ্যোক্তাদের উৎসাহিত করতে সবার প্রতি আহ্বান জানান।

নারী উদ্যোক্তাদের জন্য বড় বাজার তৈরির লক্ষ্য: লুবানা ইয়াসমীন শম্পা

সভাপতির বক্তব্যে লুবানা ইয়াসমীন শম্পা বলেন, শুধু অর্থনৈতিক লাভের হিসাব দিয়ে একটি বাণিজ্যমেলার সামগ্রিক প্রভাব বিচার করা যায় না। বাণিজ্যমেলা অর্থনৈতিক সম্ভাবনা ও সামাজিক বিনোদনের এক অপূর্ব মেলবন্ধন।

তিনি বলেন, স্থানীয় নারী উদ্যোক্তারা যাতে তাঁদের হাতে তৈরি হস্তশিল্প, পোশাক, দেশীয় পণ্য ও সৃজনশীল উদ্ভাবন প্রদর্শন করতে পারেন এবং উৎপাদিত পণ্যের জন্য বড় বাজার ও বিপণনসুবিধা গড়ে তুলতে পারেন, সে লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

মেলাকে সফল করতে সিলেটের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা প্রাঙ্গণে জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ
সিলেটে মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন
আজমিরীগঞ্জে ক্লিনিক আছে, রাস্তা নেই, সেবা পেতে দু/র্ভোগ
জৈন্তাবার্তায় সংবাদ প্রকাশ: সেই বিদ্যালয় পরিদর্শনে ইউএনও, সংস্কারের উদ্যোগ
আজ দেবীর বোধন, রাত পোহালেই শুরু দুর্গোৎসব
সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক