ছবি:সংগৃহীত
সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম। একই সঙ্গে শিক্ষার্থীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ শিক্ষার্থী সমাবেশের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২টায় সিলেট নগরের পায়রাস্থ মুহিবুর রহমান একাডেমিতে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে।
নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি রোটারিয়ান এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের কার্যকরী সদস্য ও মুহিবুর রহমান একাডেমির শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিআরটিএ সিলেটের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. ডালিম উদ্দিন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়, সহকারী পুলিশ কমিশনার (এডিসি) গৌতম রায়, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান, নিসচা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির এবং শাহজালাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ।
প্রধান অতিথির বক্তব্যে এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, শিক্ষার্থীদের এখন মূল দায়িত্ব মনোযোগ দিয়ে লেখাপড়া করা। সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে কি না, সে বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, বর্তমান সমাজে কিশোর গ্যাং একটি উদ্বেগজনক রূপ ধারণ করছে। এসব গোষ্ঠীর কারণে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। কিশোরদের সুরক্ষা এবং সুন্দর সমাজ গড়ে তুলতে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর দিতে হবে, যাতে তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মোটরসাইকেল চালক ও আরোহী—উভয়কেই হেলমেট পরতে হবে। সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ নেওয়ায় নিসচার প্রশংসা করে তিনি সংগঠনটিকে এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগর শাখার সহসভাপতি ডা. মনির চৌধুরী ও ডা. লোকমান হেকিম, সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, অর্থ সম্পাদক শেখ মো. লায়েক মিয়া, যুববিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, দুর্ঘটনা ও অনুসন্ধানবিষয়ক সম্পাদক লিয়াকত আলী এবং সাংস্কৃতিক সম্পাদক তানিয়া আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




