ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৩:২৫:২১ অপরাহ্ন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরের রাজারগলি এলাকায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী এসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এরই অংশ হিসেবে সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত জরুরি। তথ্য সংগ্রহে ভুল হলে কোনো দরিদ্র পরিবার এ কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। এ বিষয়টি বিবেচনায় রেখে তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত কর্মী নিয়োগের পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সংগৃহীত তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্ত করতে তথ্য সংগ্রহকারীদের ট্যাব সরবরাহ করা হয়েছে। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সতর্কতার সঙ্গে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা দেন।

নগরবাসীর সহযোগিতা কামনা করে সিসিক প্রশাসক বলেন, দেশের অতিদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচির সুফল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টায় তথ্য সংগ্রহ থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না, সহসভাপতি সৈয়দ রাজন আহমদ, সিনিয়র সহসভাপতি এজাহারুল হক, সাধারণ সম্পাদক নজির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাসের চৌধুরী, রাজারগলি সমাজকল্যাণ সংঘের সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী এবং সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ