বিএনপিকে নিয়ে যে যত বড় ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছু করুক, আমাদের ঐক্য মজবুত আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ ছিল, আমরা ঐক্যবদ্ধ আছি, ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকব ইনশাল্লাহ।
শুক্রবার (১৮ জুলাই) বাদ জুম্মা মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির প্রীতি সমাবেশ ও বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সুজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদের আয়োজনে তার বাসভবনে এই প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল আছ আহমদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস শহীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরও বলেন, আমাদের মাঝে ঐক্যের কোনো চিড় ধরেনি। যড়যন্ত্রকারীদের মোকাবিলায় আমরা সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন। যড়যন্ত্রকারীরা যেন আমাদের মাঝে কোনো ধরনের ফাটল ধরাতে না পারে। বিএনপির বিরুদ্ধে দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ মিঠু, সাবেক উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, জাহিদুল ইসলাম মামুন, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, প্রেসক্লাবের সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা কয়েছ আহমদ, যুবদল নেতা আব্দুল কাদির পলাশ, ইকবাল হোসেন প্রমুখ।
প্রীতি সমাবেশ ও দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জৈন্তা বার্তা/আরআর




