“জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন এবং শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার জুলাই যোদ্ধাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সভায় অংশগ্রহণকারীরা ২০২৪ সালের জুলাই মাসে অনুষ্ঠিত ঐতিহাসিক আন্দোলনের প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে উন্মুক্ত বক্তব্য দেন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার আদায়ের এক বলিষ্ঠ প্রতিচ্ছবি, যা বর্তমান প্রজন্মকে গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে চলার অনুপ্রেরণা দেয়।
সভার মাধ্যমে শ্রীমঙ্গলের মানুষ আবারও স্মরণ করেন ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অঙ্গীকার করেন আগামী প্রজন্মকে এই ইতিহাস সম্পর্কে সচেতন করার।
জৈন্তা বার্তা/আরআর




