কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের ১ নং মন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার পৌছে দিচ্ছেন প্রেমসাগর হাজরা।
মৌলভীবাজার কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপ শুভেচ্ছা উপহার (৫০ কেজি ডাল) বিতরণ করেছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার মঙ্গলচন্ডি মন্দির ও বুধবার কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানের ১নং মন্দির থেকে এই শুভেচ্ছা উপহার বিতরণ শুরু করেন তিনি। প্রথম দিনেই শ্রীমঙ্গল উপজেলার সার্বজনীন ১৫৮টি মন্ডপের মধ্যে প্রায় ৪০ টি মন্ডপে ও দ্বিতীয় দিন কমলগঞ্জ উপজেলার ২৪ টি মন্ডপে এই উপহার তুলে দিয়েছেন তিনি। পর্যায়ক্রমে সব মন্ডপেই এই উপহার পৌছে যাবে।
মঙ্গলচন্ডি মন্দিরে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে এসময় প্রেমসাগর হাজরার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অবসরপ্রাপ্ত শিক্ষক ও মঙ্গলচন্ডি মন্দিরের পুরোহিত দীপংকর ভট্টাচার্য, নবরুপে নবদুর্গা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ঝিনুক বৈদ্য, কোষাধ্যক্ষ স্বাধীন চাষা প্রমুখ।
অন্যদিকে কমলগঞ্জে বিতরন কালে উপস্থিত ছিলেন,বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা,চা শ্রমিক নেতা সজল কৈরী,মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সীতারাম বীন,সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ ও সালাহউদ্দিন শুভ প্রমুখ।
প্রেমসাগর হাজরা বলেন, শ্রীমঙ্গলবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। এখানে বার বার আমি নির্বাচনে জয় লাভ করেছি। ভোট যেমন পেয়েছি। মানুষের ভালোবাসাও পেয়েছি।শারদীয় দুর্গা পূজায় উপজেলার প্রতিটি সার্বজনীন পূজায় আমি দুই বস্তা করে ডাল উপহার পাঠিয়েছি। পূজায় প্রসাদ তৈরীতে এই ডাল কাজে লাগবে।আমি নিজেই প্রতিটি মন্ডপে যাচ্ছি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সবার জীবনে শান্তির বার্তা নিয়ে আসুক। দেবী দুর্গার আশির্বাদে মঙ্গলময় হোক সকলের জীবন। অন্যদিকে কমলগঞ্জ সনাতন ধর্মাবলম্বীদের কাছে আর্শীবাদ চেয়েছেন।
ডিডি




