সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রামে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য মো. ফজলুল আজিম চৌধুরী অন্তর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানার পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. ফজলুল আজিম চৌধুরী অন্তর মিয়া খাসিলা গ্রাম নিবাসী মো. আবু সাঈদ বিডিআর এর পুত্র।
জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মো. ফজলুল আজিম চৌধুরী অন্তর মিয়া জগন্নাথপুর থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য। ছাত্রলীগের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের দায়ে জগন্নাথপুর থানায় দায়ের করা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি তিনি। চলতি বছরের গত ২৮ জুন পুলিশ বাদী হয়ে ওই মামলা দায়ের করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




