ফিফার নিষেধা*জ্ঞায় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৬ PM

ইরানি ফুটবলারের বকেয়া পরিশোধ না করায় খেলোয়াড় নিবন্ধনে স্থগি*তাদেশ

ফিফার নিষেধা*জ্ঞায় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১০/২০২৫ ১১:৩৬:২৭ PM

ফিফার নিষেধা*জ্ঞায় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান

ছবি:সংগৃহীত


বাংলাদেশের ক্লাব ফুটবলে একের পর এক ফিফার নিষেধাজ্ঞা নেমে আসছে। এ বছর ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব ও বসুন্ধরা কিংসের পর এবার একই পরিণতির মুখে পড়ল দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত বুধবার এক চিঠিতে মোহামেডানের খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ইরানি ফুটবলারের অভিযোগে ফিফার পদক্ষেপ

২০২২-২৩ মৌসুমে মোহামেডানের হয়ে খেলা ইরানি ফুটবলার মিসাম শাহ জাদেহ ক্লাবের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেন-চুক্তি অনুযায়ী তার পাওনা অর্থ পরিশোধ করা হয়নি। বিষয়টি আমলে নিয়ে ফিফা মোহামেডানের ওপর নতুন খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা জারি করে।

ফিফার চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোহামেডান এখনো মিসাম শাহ মাকবন্দ জাদেহের আর্থিক বকেয়া পরিশোধ করেনি। ফলে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে নতুন কোনো খেলোয়াড় দলে নেওয়া বা নিবন্ধন করা ক্লাবটির জন্য নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা বহাল থাকবে যত দিন না ক্লাবটি ফুটবলারের বকেয়া পরিশোধ করে।

কোচের ব্যাখ্যা ও বকেয়ার পরিমাণ

এ প্রসঙ্গে মোহামেডানের কোচ আলফাজ আহমেদ বলেন,`২০২২-২৩ লিগের প্রথম পর্ব শেষে ইরানি খেলোয়াড়ের পাওনা পরিশোধ করেই তাকে বিদায় দেওয়া হয়। তবে সে দাবি করেছে, আরও পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। মাসে প্রায় আট হাজার ডলার করে পাঁচ মাসের অর্থ সে ফিফার কাছে দাবি করেছে।'

ক্লাবের একটি সূত্র জানিয়েছে, জরিমানা-সহ ওই বকেয়ার পরিমাণ প্রায় ৬০ হাজার মার্কিন ডলার।

নিষেধাজ্ঞায় বিপাকে মোহামেডান

এই নিষেধাজ্ঞার কারণে আপাতত নতুন কোনো খেলোয়াড় দলে নিতে পারবে না মোহামেডান। বকেয়া পরিশোধ করে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই কেবল ক্লাবটি আবার খেলোয়াড় নিবন্ধনের সুযোগ পাবে।

বাংলাদেশের ক্লাব ফুটবলে সাম্প্রতিক সময়ে ফিফার এমন ধারাবাহিক পদক্ষেপ দেশের পেশাদার ফুটবলের আর্থিক শৃঙ্খলা ও প্রশাসনিক দুর্বলতার প্রশ্ন তুলে দিয়েছে।

Jainta Barta/Wadud