সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১২ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ চলছে।
উপজেলার সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী মরিয়ম বেগমের সাড়ে তিন বছরের প্রচেষ্টায় বৃহত্তর নিয়াইন গ্রামের হাওরে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে এই বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। প্রকল্পের মধ্যে রয়েছে ১২ কিলোমিটার মাটির বাঁধ, চারটি স্লুইস গেট ও পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির অফিস ঘর নির্মাণ।
পানিসম্পদ ব্যবস্থাপনার উপ-প্রকল্প এলজিইডির তত্ত্বাবধানে বৃহত্তর নিহাইন হাওরে বাঁধ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরেজমিনে বাঁধের নির্মাণকাজ পরিদর্শন ও স্লুইচ গেট নির্মাণের লে-আউট প্রদান করেন গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ।
তিনি বলেন, এখানে বাঁধ নির্মাণের হলে ছোটখাটো আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষাসহ প্রান্তিক কৃষকদের পরিবেশগত আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
বৃহত্তর নিহাইন পানি ব্যবস্থাপনা বাঁধ প্রকল্পের সভাপতি মাতাব উদ্দিন বলেন, বিগতদিনের অক্লান্ত প্রচেষ্টায় এই বাঁধ প্রকল্প অনুমোদন হওয়ায় এলাকার মানুষদের জন্য এক নতুন আশার আলো জাগিয়েছে। যা শুধু দুর্যোগ প্রতিরোধই করবে না, এলাকার মানুষের অর্থনৈতিক ওসামাজিক উন্নয়নের পথ সুগম করবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ, প্রকল্পের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জৈন্তা বার্তা/আরআর




