ছবি:সংগৃহীত
সিলেট-১ আসনে বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল ৪টায় সিলেট নগরীর কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্টে আয়োজিত এ কুশল বিনিময় কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলার সাধারণ সম্পাদক মনজুর আহমদসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম কাজল, আনিছুর রহমান, সামছু মিয়া, আমির খান, মোহাম্মদ রুমন মিয়া, মোহাম্মদ রশীদ, আমিন মিয়াসহ অনেকে।
কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পাল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাসদ শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রামে অবিচলভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পর সময় যত গড়িয়েছে, দেশে বৈষম্য ততই বেড়েছে। ১৯৭১ সালের পর থেকে এ দেশের জনগণ বারবার গণবিরোধী ও স্বৈরাচারী সরকারকে হটিয়েছে এবং বিভিন্ন গণ-অভ্যুত্থানের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ের চেষ্টা করেছে।
তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র, শ্রমিক ও জনতা রক্ত দিয়ে স্বৈরাচারী সরকারকে উৎখাত করলেও অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে গণমানুষের মৌলিক সমস্যার সমাধানের বদলে সংস্কার, আদেশ ও গণভোটসহ নানা অপ্রয়োজনীয় বিতর্কে সময়ক্ষেপণ করছে।
এ সময় প্রণব জ্যোতি পাল সিলেটসহ সারাদেশে গ্যাস সংযোগ পুনরায় চালু, সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসন এবং বিশুদ্ধ পানির সংকট দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




