মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইশাখিলের একসঙ্গে ব্যাটিংয়ে স্মরণীয় মুহূর্ত
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৩ PM

বিপিএলে ইতিহাস

মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইশাখিলের একসঙ্গে ব্যাটিংয়ে স্মরণীয় মুহূর্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০১/২০২৬ ১০:১১:১২ PM

মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইশাখিলের  একসঙ্গে ব্যাটিংয়ে স্মরণীয় মুহূর্ত

ছবি:সংগৃহীত


চলতি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের সামগ্রিক পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও শেষ মুহূর্তে এসে এক ঐতিহাসিক ও আবেগঘন দৃশ্য উপহার দিয়েছে দলটি। আফগান তারকা ক্রিকেটার মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইশাখিলের একসঙ্গে ব্যাট করতে নামার মুহূর্তটি বিপিএলের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বিপিএলের শুরু থেকে দলে থাকলেও একাদশে সুযোগ না পাওয়া হাসান ইশাখিল অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন। প্রথম ম্যাচেই সেঞ্চুরিছোঁয়া ইনিংস খেলে তিনি প্রমাণ করেন, এমন একজন প্রতিভাবান ব্যাটারকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত ছিল ভুল। শেষ পর্যন্ত তাঁর ব্যাটিংয়েই বড় সংগ্রহ পায় নোয়াখালী এক্সপ্রেস।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে হাসান ইশাখিলের দুর্দান্ত ব্যাটিং ও সৌম্য সরকারের ঝোড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে নোয়াখালী এক্সপ্রেস। অভিষেক ম্যাচেই ৬০ বলে ৯২ রান করেন হাসান ইশাখিল। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা। সৌম্য সরকার ২৫ বলে ৪৮ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ১টি ছক্কা।

ম্যাচের শুরুতে ছেলের মাথায় বিপিএলের অভিষেক ক্যাপ তুলে দেন মোহাম্মদ নবি নিজেই। এরপর সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ঝোড়ো শুরু করেন হাসান। দু’জনে মিলে ৯.২ ওভারে গড়ে তোলেন ১০১ রানের উদ্বোধনী জুটি। পরে সৌম্য সরকার আউট হলেও হাসান একপ্রান্ত আগলে রেখে ইনিংস এগিয়ে নেন।

মধ্যক্রমে শাহাদাত হোসেন ৩ রান ও হাবিবুর রহমান সোহান ৪ রান করে আউট হন। দলীয় ১১৯ রানের মাথায় সোহান বিদায় নিলে মাঠে নামেন মোহাম্মদ নবি। এরপর ইতিহাস গড়ে বাপ-ছেলে জুটি। নবি ও হাসান ইশাখিল মিলে ৫৩ রানের একটি দৃষ্টিনন্দন জুটি গড়ে তোলেন।

দলীয় ১৭২ রানের মাথায় প্রথমে আউট হন মোহাম্মদ নবি। তিনি ১৩ বলে ১৭ রান করেন, যার মধ্যে ছিল ২টি চার। দুই বল পরই সাইফউদ্দিনের বলে আউট হন হাসান ইশাখিল। মাত্র ৮ রানের জন্য অভিষেক ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া হলেও তাঁর ৯২ রানের ইনিংস বিপিএলের ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে।

বিপিএলের মঞ্চে বাবা-ছেলের একসঙ্গে ব্যাট করার এই দৃশ্য ক্রিকেটপ্রেমীদের কাছে হয়ে থাকবে এক অনন্য ও স্মরণীয় অধ্যায়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ