আবারও সুপার কোপার চ্যাম্পিয়ন বার্সেলোনা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০০ PM

আবারও সুপার কোপার চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২/০১/২০২৬ ১২:৪৪:৩৬ PM

আবারও সুপার কোপার চ্যাম্পিয়ন বার্সেলোনা

ছবি : সংগৃহীত


প্রতিশোধের মঞ্চ এর চেয়ে মধুর আর হতে পারে না। লা লিগায় হারের ক্ষত মুছে দিয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয়বার স্প্যানিশ সুপার কোপার শিরোপা উঁচিয়ে ধরল বার্সেলোনা। 

রবিবার রাতে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল হ্যান্সি ফ্লিকের দল।

ম্যাচটি শুরু থেকেই ছিল টানটান উত্তেজনায় ঠাসা। গত ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ২-১ গোলে হারের ক্ষত নিয়ে মাঠে নেমেছিল বার্সা। তবে এবার চিত্রনাট্য ছিল ভিন্ন। ম্যাচের ৩৬তম মিনিটে রাফিনিয়ার দারুণ এক গোলে লিড নেয় বার্সেলোনা। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে, যোগ করা সময়ে অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি জালের দেখা পেলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্লিকের দল।

বিরতির পর লড়াইয়ে ফেরার চেষ্টা করে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র একটি গোল শোধ করেন এবং পরে তোরেসের পা থেকে আরেকটি গোল আসে। তবে বার্সেলোনার আক্রমণভাগকে থামিয়ে রাখা সম্ভব হয়নি। ম্যাচের একেবারে শেষ দিকে যোগ করা সময়ে ইয়ং আরও একবার ব্যবধান বাড়িয়ে দলের জয় ও শিরোপা নিশ্চিত করেন।

এই জয় বার্সেলোনার অপ্রতিরোধ্য যাত্রাকে আরও দীর্ঘ করল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচে অপরাজিত রইল তারা।

অন্যদিকে, কিছুটা লাইনচ্যুত রিয়াল মাদ্রিদের জন্য এই হার বড় ধাক্কা হয়ে এসেছে। বিশেষ করে জাবি আলোনসোর জন্য দিনটি ছিল অত্যন্ত হতাশার। রিয়ালের ডাগআউটে এটিই ছিল তার প্রথম কোনো টুর্নামেন্টের ফাইনাল। 

কিন্তু ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ফেরলান্দ মেন্দি ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে না পাওয়া এবং শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে শিরোপা হারানোয় আলোনসোর ভবিষ্যৎ এখন বড় চ্যালেঞ্জের মুখে।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বলছে, এই পরাজয়ের পর রিয়ালে তার চাকরির ঝুঁকি আরও বেড়ে গেল।

সব মিলিয়ে জেদ্দার রাতটি ছিল বার্সেলোনার পুনরুত্থানের। প্রতিশোধ আর শিরোপা জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বর্তমান সময়ের উড়ন্ত বার্সা।

জৈন্তা বার্তা/আরআর