জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৭ AM

জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০১/২০২৬ ১১:০৮:৪০ PM

জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেট অঞ্চলে তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে বহুল প্রত্যাশিত জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ঐতিহাসিক এমসি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রাহাত শামস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লীগের সহ-সভাপতি সাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বিসিবি পরিচালক রাহাত শামস বলেন, ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় তৈরি করতে হলে স্কুল পর্যায়ের ক্রিকেটের বিকল্প নেই। নিয়মিত ও কাঠামোবদ্ধ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্রকৃত প্রতিভা খুঁজে বের করা সম্ভব। তিনি সিলেটে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করেন, জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ দেশের ক্রিকেটের ভিত্তিকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিএনসি’র প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রাফি। তিনি বলেন, জিএনসি (গ্রে নিকলস ক্রিকেটার্স) ১৯৮০-এর দশক থেকে একটি পথিকৃৎ ক্রিকেট ক্লাব হিসেবে সিলেটের ক্রিকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি আরও জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো স্কুল শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট শিক্ষা বিস্তার, শারীরিক সক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ক্রিকেট উন্নয়নের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরি করা।

সাবেক নারী ক্রিকেটার আলেয়া ফেরদৌসী তুলি বলেন, নারীদের ক্রিকেট উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রতিটি জেলায় কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান নারী ক্রিকেটারদের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ অব্যাহত থাকবে।

এ টুর্নামেন্টে সিলেট মহানগরীর ১৬টি স্কুল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতামূলক এই আসরে অংশগ্রহণকারী তরুণ ক্রিকেটাররা নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও ক্রীড়াবিদসুলভ আচরণ প্রদর্শনের সুযোগ পাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএনসি’র প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল হক হিরু, আলী ওয়াসিকুজ্জামান অনি, আব্দুল ওয়াদুদ সুইট এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কো-অর্ডিনেটর দেওয়ান তায়েফ হোসেন চৌধুরী। এছাড়াও কোচ, সংগঠক, শিক্ষক ও অভিভাবকরা খেলোয়াড়দের উৎসাহ দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: