দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন ইতিহাসের জন্ম দিলেন বাংলাদেশের মেয়েরা। ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে আজ মালদ্বীপকে ১৪–২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুন-কৃষ্ণা রানীর দল।
পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে খেলে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই শিরোপা নিশ্চিত করল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের সমীকরণ ছিল সহজ— ড্র করলেই চ্যাম্পিয়ন। তবে ম্যাচের তৃতীয় মিনিটে গোলরক্ষক স্বপ্না ও ডিফেন্ডার মাসুরার ভুলে গোল খেয়ে কিছুটা থমকে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই ধাক্কা সামলাতে সময় লেগেছে মাত্র দুই মিনিট। অধিনায়ক সাবিনা খাতুনের জাদুকরী ফ্রি-কিকে সমতায় ফেরে দল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
১৩ মিনিটে আরও একটি দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে দলকে লিড এনে দেন সাবিনা। প্রথমার্ধেই ৬–১ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। সাবিনার পাস ধরে দূরূহ কোণ থেকে স্কোরলাইন ৩-১ করেন কৃষ্ণা। পরে নিলুফা আক্তার নীলার পাস থেকে চতুর্থ গোল করেন লিপি আক্তার। ১৯ মিনিটে সার্কেলের ভেতর থেকে লিপি আক্তার এবং পরে নৌশিন জাহানের লক্ষ্যভেদে ৬-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। ২২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা খাতুন। এরপর ২৬ মিনিটে করেন ব্যক্তিগত চতুর্থ গোল। মালদ্বীপের রক্ষণভাগকে তছনছ করে দিয়ে একে একে গোল উৎসব করেন লিপি আক্তার, মাতসুশিমা সুমাইয়া, নিলুফা ইয়াসমিন ও কৃষ্ণা রানী। ম্যাচের শেষ দিকে মেহেরুন ও মাসুরা মালদ্বীপের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলে ১৪–২ গোলের বিশাল জয় নিশ্চিত হয়।
২০১৮ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অভিষেকের পর দীর্ঘ ছয় বছর নারী ফুটসালের কার্যক্রম একপ্রকার বন্ধই ছিল। তবে গত বছরের শেষ দিকে নতুন করে দল গঠনের পর কঠোর অনুশীলনের সুফল পেল বাংলাদেশ। মাত্র কয়েক মাসের প্রস্তুতিতে দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার এই অর্জন দেশের নারী ফুটবলের জন্য এক নতুন মাইলফলক।
মেয়েদের ইভেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও ছেলেদের প্রথম সাফ ফুটসালে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে মালদ্বীপ। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে তারা। অন্যদিকে, ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশের ছেলেরা।
জৈন্তা বার্তা/আরআর




