মৌলভীবাজারে ছু*রিকাঘাতে প্রা*ণ গেল যুবকের
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৩ AM

মৌলভীবাজারে ছু*রিকাঘাতে প্রা*ণ গেল যুবকের

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৬ ০১:৫৫:২২ PM

মৌলভীবাজারে ছু*রিকাঘাতে প্রা*ণ গেল যুবকের


মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত তারেক (২২) নামের এক যুবক মারা গেছেন। তিনি রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের খেলার মাঠে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামের খোলা মাঠে কয়েকজন তরুণ ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে বোলিং নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আতিক মিয়া (২২) নামের এক তরুণ ধারালো ছুরি দিয়ে তারেককে এলোপাতাড়ি আঘাত করলে তিনি (তারেক) মারাত্মক আহত হন।

স্থানীয় লোকজন আহত তারেককে দ্রুত উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত আতিক একই গ্রামের (ঘরগাঁও) মৃত শফিক মিয়ার ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি। ক্রিকেট খেলা নিয়ে আতিক ও তারেকের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। হাসপাতালে নেওয়ার পথে তারেক মারা গেছেন। লাশ হাসপাতালে আছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি।

জৈন্তা বার্তা/আরআর