সংগৃহীত
ভিন্ন ধারার গান দিয়ে শ্রোতাদের মনে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান। ক্যারিয়ারের শুরুতে তার ‘বিয়ানসাব’ ও ‘গার্লফ্রেন্ডের বিয়া’ থেকে ‘কাবাবের হাড্ডি’ গানগুলো ছিল জনপ্রিয়তার তুঙ্গে। তবে ২০২০ সালে ‘কাবাবের হাড্ডি’ প্রকাশের পর এ ধরনের গান থেকে বিরতির ঘোষণা দেন প্রীতম। আর গত কয়েক বছর ধরে নিয়মিতই সিনেমার আইটেম গানে পাওয়া যাচ্ছিল তাকে। এবার তা থেকেও বিরতির ঘোষণা দিলেন এই সংগীতশিল্পী।বলা দরকার, মৌলিক গানের মতো সিনেমার গানেও শ্রোতাদের চমক দেখিয়েছেন প্রীতম হাসান। গেয়েছেন- ‘লাগে উরা ধুরা’, ‘চাঁদ মামা’, ‘লিচুর বাগান’র মতো জনপ্রিয় গান। শাকিব খানের ঈদের সিনেমার আইটেম গান মানেই ছিল প্রীতম হাসান। এই রোজার ঈদেও শাকিবের ‘প্রিন্স’ সিনেমার জন্য আইটেম গান বানিয়েছেন তিনি। ‘জ্বালা জ্বালা’ শিরোনামের গানটিতে প্রীতমের সঙ্গে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।
প্রীতম জানান, কয়েক বছর ধরে রুনা লায়লার সঙ্গে গান করার পরিকল্পনা করছিলেন তিনি। চিন্তা করছিলেন এমন কিছু করার, যেখানে ভিন্নভাবে রুনা লায়লাকে উপস্থাপন করা যায়। তাই অপেক্ষা করছিলেন সঠিক সময়ের। তিন মাস আগে সেই সুযোগ সৃষ্টি হয় ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে। রুনা লায়লার সঙ্গে গানের খবর দেওয়ার সময়েই সিনেমার ড্যান্স ট্র্যাক থেকে বিরতির কথা জানান প্রীতম।
প্রীতমের কথায়, ‘কিছু সময়ের জন্য সিনেমার ড্যান্স ট্র্যাকে কণ্ঠ দেওয়া থেকে বিরতি নিচ্ছি। নতুন কিছু না করার সুযোগ থাকলে আসব আবার। আপাতত হয়তো ফিরে যাব “শরতের শেষ থেকে”, “মরে যাক”, “খোকা”র মতো গানে। যেখানে একটু হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি। আমার সিনেমার কাজ নিয়ে যারা সাপোর্ট করেছেন, এমনকি সমালোচনাও করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’
গানের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রীতম। এই ঈদে ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। শিহাব শাহীনের পরিচালনায় মানসিভ নামের এক হ্যাকারের চরিত্রে দেখা গেছে তাকে। এতে প্রীতমের সঙ্গে আছেন মেহজাবীন চৌধুরী। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে প্রীতম অভিনীত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।
জৈন্তাবার্তা/সুলতানা




