ছবি:সংগৃহীত
সিলেটে মরহুম আলহাজ্ব আব্দুস সামাদের স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তিনি উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেটের উপদেষ্টা ও খাসদবীর এলাকার একজন সম্মানিত মুরুব্বী ছিলেন।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে সিলেট মহানগরের ৫নং ওয়ার্ডের প্রথম গলিতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৫টি দলের অংশগ্রহণে ৪ পর্বের নকআউট পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে ইবরার টাইটান্সের মুখোমুখি হয় দুরন্ত ক্যাপিটাল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দুরন্ত ক্যাপিটাল জয়লাভ করে শিরোপা অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নাসরিন আক্তার, সমাজসেবক ও ক্রীড়া অনুরাগী মো. আখতারুজ্জামান মাসুক এবং সিলেট অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শহীদুর রহমান জুয়েল।
এছাড়া উপস্থিত ছিলেন উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেটের ক্রীড়া সম্পাদক মিয়াছিন, সহ-ধর্ম সম্পাদক মামুনুর রশিদ রাজিব, মহানগর যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইমন আহমদ এবং ছাত্রদল নেতা ফাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, মরহুম আব্দুস সামাদের স্মৃতি ধরে রাখতে এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




