সংগৃহিত
ক্রিকেট প্রশাসনের ব্যস্ত অধ্যায় শেষ করে এবার ভিন্ন পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন আমিনুল। আইসিসির চাকরি ছেড়ে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়া এই সাবেক কর্তা প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর বিদায় নেন, যখন তাঁর নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেওয়া হয়।
দায়িত্ব ছাড়ার আগেই সামনে এসেছিল একটি বড় আন্তর্জাতিক চাকরির সুযোগ। কিন্তু শেষ মুহূর্তে প্রভাবশালী দুই দেশের আপত্তিতে সেই পথ বন্ধ হয়ে যায়। ফলে নতুন সেই অধ্যায়ে আর পা রাখা হয়নি তাঁর।
তবে থেমে নেই আমিনুল। এখন তিনি মন দিচ্ছেন গবেষণায়—বিশেষ করে মানুষের মানসিক চেতনা ও ক্রিকেটে মননশীলতার প্রভাব নিয়ে কাজ করতে চান। পাশাপাশি পরিকল্পনায় আছে বই লেখা, যেখানে তাঁর দীর্ঘ ক্রিকেট-জীবন থেকে শুরু করে প্রশাসনিক অভিজ্ঞতার গল্প উঠে আসবে।
দীর্ঘ ২৫ বছরের খেলোয়াড়ি ক্যারিয়ার এবং প্রায় ২০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে কাজের অভিজ্ঞতার পর এখন একটু ভিন্নভাবে সময় কাটাতে চান তিনি। পরিবারকে সময় দেওয়া, নিজের মতো করে ভাবা—এসবই এখন তাঁর অগ্রাধিকার।
নিজের দায়িত্বকালকে ইতিবাচকভাবেই দেখছেন আমিনুল। তাঁর বিশ্বাস, স্বল্প সময়েও দেশের ক্রিকেটে কিছু ভালো কাজ রেখে যেতে পেরেছেন। আপাতত দেশে থাকলেও খুব শিগগিরই অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ফিরবেন তিনি। এরপর সেখান থেকেই ঠিক করবেন ভবিষ্যতের পরবর্তী গন্তব্য।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




